টিটিএএডিসি-র ভিলেজ কমিটির নির্বাচনে একাই লড়বে বিজেপি : মুখ্যমন্ত্রী
আগরতলা, ২৫ এপ্রিল (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) এলাকায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। শ
বিজেপির বৈঠক


আগরতলা, ২৫ এপ্রিল (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) এলাকায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। শনিবার আগরতলায় দলের রাজ্য সদর দফতরে আয়োজিত সাংগঠনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা জানান।

মুখ্যমন্ত্রী জানান, টিটিএএডিসি নির্বাচনে একা লড়াই করার সিদ্ধান্ত সঠিক ছিল বলে দলের নির্বাচন-পরবর্তী মূল্যায়ন বৈঠকে মত উঠে এসেছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই ভিলেজ কমিটি নির্বাচনেও জোট ছাড়াই লড়ার পথে হাঁটছে বিজেপি। তাঁর কথায়, “রাজনৈতিক পরিস্থিতি বিচার করে আমরা মনে করছি, এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করাই আমাদের জন্য উপযুক্ত পদক্ষেপ।”

ভিলেজ কমিটি ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, সাধারণ এলাকায় যেখানে ত্রি-স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু রয়েছে, সেখানে টিটিএএডিসি এলাকায় এক-স্তরীয় ভিলেজ কমিটি ব্যবস্থা কার্যকর। ফলে এই নির্বাচনের মাধ্যমে প্রত্যন্ত এলাকার প্রশাসনিক ও উন্নয়নমূলক কাঠামোয় সরাসরি প্রভাব পড়ে।

তিনি আরও জানান, নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে যে কিছু এলাকায় দলের সাংগঠনিক ভিত্তি দুর্বল রয়েছে। সেই সব এলাকায় সংগঠনকে শক্তিশালী করতে ইতিমধ্যেই কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। “যেখানে আমরা পিছিয়ে আছি, সেখানে সংগঠনকে মজবুত করতে জোরদার প্রচেষ্টা চালানো হবে,” বলেন মুখ্যমন্ত্রী।

এদিকে, নির্বাচন-পরবর্তী সময়ে ভিলেজ কমিটি অফিস দখল নিয়ে উত্তেজনার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। অভিযোগ উঠেছে, কয়েকটি এলাকায় তিপ্রা মথা সমর্থকরা জোরপূর্বক ভিলেজ কমিটির কার্যালয়ে প্রবেশের চেষ্টা করছেন। এই প্রসঙ্গে তিনি কড়া বার্তা দিয়ে বলেন, “কোনও নির্বাচিত সংস্থাকে জোর করে দখল করা যায় না। আইন নিজের পথে চলবে এবং কেউ আইন ভাঙলে তা বরদাস্ত করা হবে না।” তিনি সতর্ক করে দেন, এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে সংশ্লিষ্ট দলের জনসমর্থন কমে যেতে পারে।

এর আগে, টিটিএএডিসি নির্বাচনে দলের প্রার্থী ও নেতাদের নিয়ে বৈঠকে সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী। বৈঠকের উদ্দেশ্য ছিল নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের অভিজ্ঞতা ও মতামত জানা এবং ভবিষ্যৎ কৌশল নির্ধারণ করা। তিনি জানান, “প্রার্থী ছাড়াও নির্বাচনী কাজে যুক্ত নেতাদেরও ডাকা হয়েছিল, যাতে সার্বিক পরিস্থিতির একটি স্পষ্ট ধারণা পাওয়া যায়।”

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande