নন্দীগ্রামে ভোট-পরবর্তী হিংসা, তৃণমূল পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ
নন্দীগ্রাম, ২৫ এপ্রিল (হি. স.) : ভোট মিটতেই ফের অশান্তির আবহে নন্দীগ্রাম। শনিবার তৃণমূল কংগ্রেসের এক পোলিং এজেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে
নন্দীগ্রামে ভোট-পরবর্তী হিংসা, তৃণমূল পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ


নন্দীগ্রাম, ২৫ এপ্রিল (হি. স.) : ভোট মিটতেই ফের অশান্তির আবহে নন্দীগ্রাম। শনিবার তৃণমূল কংগ্রেসের এক পোলিং এজেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। ভেকুটিয়ার উত্তর দিনবন্ধুপুর এলাকার ৩৬ নম্বর বুথের তৃণমূল পোলিং এজেন্ট ঝন্টু মাইতি শনিবার দুপুর প্রায় ১টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে একটি দোকানে বসেছিলেন। অভিযোগ, সেই সময় আচমকা কয়েক জন বিজেপি - সমর্থক তাঁর উপর চড়াও হয়েছে। তাঁকে টেনে হিঁচড়ে ধরে মারধর করা হয়েছে বলে দাবি। আহত ঝন্টু মাইতির অভিযোগ, ‘‘কোনও প্ররোচনা ছাড়াই হঠাৎ করে আমার উপর হামলা হয়েছে এবং বেধড়ক মারধর করা হয়েছে।’’ ঘটনার খবর পেয়ে নন্দীগ্রাম থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। গুরুতর আহত অবস্থায় ঝন্টু মাইতিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । বর্তমানে তাঁর সেখানেই চিকিৎসা চলছে। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে বিজেপি। দলের স্থানীয় নেতা ধনঞ্জয় ঘোড়া বলেন, - ‘‘ভোট শান্তিপূর্ণভাবেই হয়েছে। যদিও ভোট পরবর্তীতে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটছে ঠিকই, তবে এই ধরনের ঘটনার সঙ্গে আমাদের কোনও যোগ নেই। বরং ভোটের আগে দলের কর্মীদের ভয় দেখানো হয়েছিল। উল্লেখ্য, গত ২৩ এপ্রিল নন্দীগ্রামে বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটের দিন বড় কোনও অশান্তি না হলেও, ফল ঘোষণার আগেই বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়ানোর খবর মিলছে। রাজনৈতিক ভাবে স্পর্শকাতর এই কেন্দ্রে ফের হিংসার অভিযোগে বাড়ছে উদ্বেগ এবং তা রীতিমতো।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande