
কলকাতা, ২৫ এপ্রিল (হি. স.) : ভোটের আগেই বড় ধাক্কা খেল আইএসএফ। উত্তর ২৪ পরগনার অশোকনগরে দল ছেড়ে শাসক শিবিরে যোগ দেওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে প্রায় ৪৬ হাজার ভোট পেয়েছিল আইএসএফ। কিন্তু এবারের নির্বাচনের প্রাক্কালে দলীয় কর্মীদের একাংশের মধ্যে অসন্তোষ বাড়ে। প্রার্থী নির্বাচন নিয়ে আপত্তি দানা বাঁধে এবং এলাকার উন্নয়নকে সামনে রেখেই অনেকে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি রয়েছে দলত্যাগীদের। শুক্রবার সন্ধ্যায় হিজলিয়া এলাকায় এক পথসভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী নারায়ণ গোস্বামী। সেখানেই প্রায় শতাধিক পরিবার আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি শাসকদলের। নতুনদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রার্থী নিজেই। নারায়ণ গোস্বামীর বক্তব্য, - “অশোকনগরে যেভাবে প্রতিদিন আইএসএফ কর্মীরা তৃণমূলে যোগ দিচ্ছেন, তাতে ওরা এবার গতবারের অর্ধেক ভোটও পাবে না।” যোগদান প্রসঙ্গে ভুরকুন্ডা পঞ্চায়েতের প্রধান রাজশ্রী সাহা বলেন, “আইএসএফের কর্মীরা বুঝতে পেরেছেন তাঁদের সংগঠনের ভিত্তি দুর্বল হয়ে পড়ছে। তাই তাঁরা উন্নয়নের স্বার্থে তৃণমূলে যোগ দিচ্ছেন।” তবে এ বিষয়ে আইএসএফের পক্ষ থেকে প্রতিক্রিয়া মেলেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের ঠিক আগে এই ধরনের দলবদল ভোটের অঙ্কে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত