
কলকাতা, ২৫ এপ্রিল (হি. স.) : যাত্রী পরিষেবাকে আরও ত্বরান্বিত করতে বড় সাফল্যের দাবি করল পূর্ব রেল। ‘যাত্রীই নারায়ণ’—এই মূল মন্ত্রকে সামনে রেখে অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে নজির গড়েছে তারা। ২০২৫-২৬ অর্থবর্ষে ‘রেল মদত’ প্ল্যাটফর্মে যাত্রীদের অভিযোগ মেটাতে গড়ে সময় লেগেছে মাত্র ২৮ মিনিট—যা রেলওয়ে বোর্ডের নির্ধারিত সময়সীমার থেকেও অনেক কম বলে দাবি রেল কর্তৃপক্ষের।রেলের দাবি, যাত্রীরা এখন ভ্রমণকালীন সময়ে সমস্যার সমাধান পাচ্ছেন। পরিষেবার মান নিয়ে যাত্রীদের প্রতিক্রিয়াও যথেষ্ট ইতিবাচক। অভিযোগ নিষ্পত্তির পর প্রায় ৫২.৭৯ শতাংশ যাত্রী ‘এক্সেলেন্ট’ বলে মত প্রকাশ করেছেন। পাশাপাশি, আগের অর্থবর্ষের তুলনায় মোট অভিযোগের সংখ্যাও কমেছে ১.৭৯ শতাংশ।
রেল সূত্রে খবর, পরিচ্ছন্নতা, কোচ রক্ষণাবেক্ষণ, ক্যাটারিং, পানীয় জলের ব্যবস্থা এবং কর্মীদের আচরণ—এই সব গুরুত্বপূর্ণ ক্ষেত্রেই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলেই সামগ্রিক পরিষেবার মানোন্নয়ন সম্ভব হয়েছে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।
পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্করের নেতৃত্বে এই পরিবর্তন এসেছে বলে দাবি। রেলের তরফে জানানো হয়েছে, ডিজিটাল ব্যবস্থার উন্নতি এবং ২৪ ঘণ্টা নজরদারির মাধ্যমে প্রতিটি অভিযোগের দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করা হচ্ছে। বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষগুলিতে রিয়েল-টাইম এসক্যালেশন ব্যবস্থাও চালু হয়েছে, যার ফলে সমস্যার দ্রুত সমাধান সম্ভব হচ্ছে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি বলেন, “যাত্রীরাই আমাদের কাজের মূল কেন্দ্রবিন্দু। অভিযোগ নিষ্পত্তির সময় কমে আসা আমাদের কর্মীদের নিরলস প্রচেষ্টারই প্রতিফলন। আমরা চাই, প্রতিটি যাত্রা হোক নিরাপদ, আরামদায়ক এবং স্মরণীয়।”
রেল কর্তৃপক্ষের দাবি, প্রতিটি অভিযোগকে তারা এখন পরিষেবা উন্নতির সুযোগ হিসেবেই দেখছে। যাত্রী সন্তুষ্টি বাড়াতে ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত