
নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি.স.): বিশ্ব ম্যালেরিয়া দিবসে প্রাণঘাতী এই রোগ নির্মূলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। শনিবার এক্স মাধ্যমে নাড্ডা জানান, বিশ্ব ম্যালেরিয়া দিবসে, আসুন আমরা এই প্রাণঘাতী রোগের বিরুদ্ধে সচেতনতা ছড়িয়ে দিতে এবং লড়াইকে আরও জোরদার করতে একত্রিত হই। ম্যালেরিয়া এখনও বহু মানুষের জীবনকে প্রভাবিত করে চলেছে, কিন্তু সময়মতো পদক্ষেপ নিলে এটি প্রতিরোধযোগ্য এবং এর চিকিৎসাও সম্ভব। পরিচ্ছন্ন পরিবেশ, সঠিক সুরক্ষা এবং দ্রুত রোগ নির্ণয় এক্ষেত্রে বড় পরিবর্তন আনতে পারে। সবার জোরালো অংশগ্রহণ এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে আমরা ম্যালেরিয়ামুক্ত ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি এবং সকলের জন্য উন্নত স্বাস্থ্য নিশ্চিত করতে পারি।
উল্লেখ্য, নানা সচেতনতামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বজুড়ে শনিবার ম্যালেরিয়া প্রতিরোধ দিবস পালিত হচ্ছে। ম্যালেরিয়া রোগ নিয়ন্ত্রণ ও নির্মূল করার লক্ষ্যে এই উপলক্ষে নানা সচেতনতামূলক প্রচার কর্মসূচি ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর উদ্যোগে ম্যালেরিয়া রোগে মৃত্যু ঠেকাতে এই রোগ প্রতিরোধ ও নির্মূল করার প্রয়াসকে সামনে রেখে বিশ্বজুড়ে নানা সচেতনতা মূলক কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ