
গুয়াহাটি, ২৫ এপ্রিল (হি.স.) : পরিকাঠামোর নিরবচ্ছিন্ন পর্যবেক্ষণ ও আধুনিকীকরণের মাধ্যমে ট্রেন চলাচলের ক্ষেত্রে সুরক্ষা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধিতে ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে।
আজ শনিবার এক প্রেস বার্তায় উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এ তথ্য দিয়ে জানান, চলতি বছরের মার্চে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে সিগন্যালিং ও সুরক্ষার ক্ষেত্রে বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। এই জোনের কাটিহার, আলিপুরদুয়ার, রঙিয়া এবং লামডিং ডিভিশনের পাঁচটি স্টেশনে ক্ল্যাম্প-টাইপ লকিং সুবিধাযুক্ত ‘থিক ওয়েব সুইচ পয়েন্ট’ মেশিন স্থাপন করা হয়েছে। কাটিহার, আলিপুরদুয়ার এবং তিনসুকিয়া ডিভিশনের সাতটি স্টেশনে 'সিস্টেম ইন্টিগ্রিটি টেস্টিং' সম্পন্ন করা হয়েছে, পাশাপাশি সমস্ত ডিভিশনে ৩২টি লেভেল ক্রসিং গেটকে অন্তর্ভুক্ত করে একটি ব্যাপক 'সিস্টেম ইন্টিগ্রিটি টেস্টিং' অভিযানও সম্পন্ন হয়েছে। এছাড়া, পরিচালনগত সুরক্ষা বৃদ্ধির লক্ষ্যে লামডিং ও রঙিয়া ডিভিশনের একাধিক লেভেল ক্রসিং গেট ইন্টারলক করা হয়েছে।
সিগন্যালিং পরিকাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে, কাটিহার, লামডিং এবং রঙিয়া ডিভিশনের বিভিন্ন লেভেল ক্রসিং গেটে ১০টি স্লাইডিং বুম চালু করা হয়েছে। তিনসুকিয়া ডিভিশনের দুটি স্টেশনে অটোমেটিক ফায়ার ডিটেকশন অ্যান্ড অ্যালার্ম সিস্টেম চালু করা হয়েছে। এর মধ্যে দুটি স্থানে উন্নত মানের 'অ্যাসপিরেশন টাইপ' ব্যবস্থায় উন্নীতকরণও অন্তর্ভুক্ত রয়েছে। তিনসুকিয়া ডিভিশনে দুটি লেভেল ক্রসিং গেটে পুরোনো যান্ত্রিক ব্যবস্থার পরিবর্তে ইলেক্ট্রিক্যাল লিফটিং ব্যারিয়ার স্থাপন করা হয়েছে। যার ফলে রেল-সড়ক সংযোগস্থলগুলিতে সুরক্ষা ব্যবস্থার উন্নতি ঘটেছে।
নির্ভরযোগ্যতা এবং সঠিক ইনসুলেশন কার্যকারিতা নিশ্চিত করার লক্ষ্যে ১১টি স্টেশন এবং ১২টি লেভেল ক্রসিং গেটে সিগন্যালিং কেবলের মেগারিং সম্পন্ন করা হয়েছে। সুরক্ষা সরঞ্জামের নির্ভরযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে, সমস্ত ডিভিশনে বিভিন্ন ক্ষমতার মোট ১,২৫৮টি সিগন্যালিং ব্যাটারি প্রতিস্থাপন করা হয়েছে। জোন জুড়ে ২৪৬টি গ্লুড জয়েন্টস এবং ৯২টি ইন্টিগ্রেটেড টাইপ সিগন্যাল এলইডি প্রতিস্থাপনের কাজও সম্পন্ন করা হয়েছে। সিস্টেমের সুরক্ষা ও স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আলিপুরদুয়ার ডিভিশনের গৌরীপুর স্টেশনে উন্নত আর্থিং ব্যবস্থার সংস্থান করা হয়েছে।
তিনি জানান, পরিকাঠামোগত এই উন্নয়নসমূহ ট্রেনের সুরক্ষিত চলাচল নিশ্চিত করা, নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা এবং রেলওয়ে অপারেশনের সামগ্রিক সক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে পরিকাঠামোর নিরবচ্ছিন্ন পর্যবেক্ষণ ও শক্তিশালীকরণের মাধ্যমে যাত্রীদের জন্য একটি সুরক্ষিত, অধিক দক্ষ ও সময়ানুবর্তী ভ্রমণ অভিজ্ঞতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস