
নয়াদিল্লি, ২৮ এপ্রিল (হি.স.): চলতি শিক্ষাবর্ষে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)-র প্রকাশিত পাঠ্যপুস্তকের প্রাপ্যতা, মুদ্রণ ও বিতরণ ব্যবস্থা পর্যালোচনা করলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মঙ্গলবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের সচিব সঞ্জয় কুমার, শিক্ষা মন্ত্রক ও এনসিইআরটি-র শীর্ষ আধিকারিকরা।
মন্ত্রী আসন্ন পাঠ্যপুস্তকের প্রস্তুতি ও বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মজুতের অবস্থা খতিয়ে দেখেন। পাশাপাশি বই সময়মতো, বিশেষত গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিতে রাজ্য প্রশাসন ও বিতরণ সংস্থার সঙ্গে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেন।
তিনি নির্দেশ দেন, যাতে কোনও ছাত্র বই পেতে দেরির কারণে সমস্যায় না পড়ে। সে জন্য সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা, প্রয়োজনে মুদ্রণ ক্ষমতা বাড়ানো এবং শেষ পর্যায় পর্যন্ত বিতরণে নজরদারি বাড়ানোর কথা বলেন।
এছাড়াও, সব ছাত্রছাত্রীর হাতে বই পৌঁছানো পর্যন্ত নিরবচ্ছিন্ন পড়াশোনা চালিয়ে যেতে ‘ই-পাঠশালা’র মাধ্যমে ডিজিটাল পাঠ্যপুস্তক ব্যবহারের পরামর্শ দেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য