
কলকাতা, ২৮ এপ্রিল (হি. স.) : দ্বিতীয় দফার ভোটের ঠিক আগে নির্বাচন কমিশন আবারও একটি অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। সুপ্রিম কোর্টের পূর্ব নির্দেশ মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার নিষ্পত্তির পর মোট ১৪৬৮ জন নতুন ভোটারের নাম তালিকায় যুক্ত করা হয়েছে, অন্যদিকে ৬টি নাম বাদ দেওয়া হয়েছে।
মঙ্গলবার প্রকাশিত এই অতিরিক্ত তালিকা অনুযায়ী, কলকাতা দক্ষিণে ৬৭৭ জন এবং কলকাতা উত্তরে ৫৯৬ জন ভোটারের নাম যুক্ত হয়েছে। এছাড়াও হাওড়ায় ৭৭, নদিয়ায় ৩৯, উত্তর ২৪ পরগনায় ৩৪, দক্ষিণ ২৪ পরগনায় ৩০, পূর্ব বর্ধমানে ৮ এবং হুগলিতে ৭ জন নতুন ভোটারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
বুধবার রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, যেখানে সাতটি জেলার মোট ১৪২টি আসনে ভোট নেওয়া হবে। নতুন তালিকায় যাঁদের নাম যুক্ত হয়েছে, তাঁরাও এই দফায় ভোট দিতে পারবেন। সাধারণ নিয়ম অনুযায়ী, দ্বিতীয় দফার জন্য ভোটার তালিকা আগেই ‘ফ্রিজ’ বা স্থির করে দেওয়া হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ভোটের দুদিন আগে পর্যন্ত ট্রাইব্যুনাল যে সমস্ত আবেদনের নিষ্পত্তি করে যাঁদের যোগ্য ঘোষণা করবে, তাঁদের ভোটাধিকার দিতে হবে।
সূত্র মারফত জানা গেছে, সোমবার পর্যন্ত ট্রাইব্যুনালে যে আবেদনগুলোর নিষ্পত্তি হয়েছে, তার ভিত্তিতেই এই অতিরিক্ত তালিকা তৈরি করা হয়েছে। এর আগে প্রথম দফার ভোটের আগেও আদালতের নির্দেশে একটি অতিরিক্ত তালিকা প্রকাশ করেছিল কমিশন, যেখানে ১৩৯ জন নতুন ভোটারের নাম যুক্ত হয়েছিল এবং ৮টি নাম বাদ গিয়েছিল।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধনের সময় ৬০ লক্ষেরও বেশি নামের সত্যতা যাচাই করা হয়েছিল। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকরা এই নামগুলো পরীক্ষা করেন, যেখানে অনেককে অযোগ্য ঘোষণা করা হয়েছিল। এরপর সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে, ওই ব্যক্তিরা অবসরপ্রাপ্ত বিচারকদের ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন।
২৮ ফেব্রুয়ারি রাজ্যের প্রথম চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল, যার পর থেকে ধাপে ধাপে অতিরিক্ত তালিকাগুলো প্রকাশ করা হচ্ছে। বুধবার কলকাতার পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদীয়া এবং পূর্ব বর্ধমান জেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি