পিএসএ বাতিল, কাঠুয়া জেল থেকে মুক্ত ডোডার বিধায়ক মেহরাজ মালিক
জম্মু , ২৮ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীর হাইকোর্টের নির্দেশে পাবলিক সেফটি অ্যাক্ট (পিএসএ) বাতিল হওয়ায় ডোডা কেন্দ্রের বিধায়ক মেহরাজ মালিক-কে মঙ্গলবার সকালে কাঠুয়া জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তির পর কড়া নিরাপত্তার মধ্যেই তাঁকে ডোডার উদ্দেশ্যে
পিএসএ বাতিল, কাঠুয়া জেল থেকে মুক্ত ডোডার বিধায়ক মেহরাজ মালিক


জম্মু , ২৮ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীর হাইকোর্টের নির্দেশে পাবলিক সেফটি অ্যাক্ট (পিএসএ) বাতিল হওয়ায় ডোডা কেন্দ্রের বিধায়ক মেহরাজ মালিক-কে মঙ্গলবার সকালে কাঠুয়া জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তির পর কড়া নিরাপত্তার মধ্যেই তাঁকে ডোডার উদ্দেশ্যে রওনা করানো হয়।

প্রায় আট মাস ধরে পিএসএ-র আওতায় বন্দি ছিলেন মালিক। গত বছরের ৮ সেপ্টেম্বর ডোডার জেলা শাসক তাঁর বিরুদ্ধে এই আটকাদেশ জারি করেছিলেন।

জম্মু ও কাশ্মীর ও লাদাখ হাইকোর্টের বিচারপতি মহম্মদ ইউসুফ ওয়ানি রায়ে জানান, এই আটকাদেশ আইনগতভাবে টেকসই নয় এবং যথাযথ বিচারবিবেচনা ছাড়াই জারি করা হয়েছিল। আদালত নির্দেশ দেয়, অবিলম্বে তাঁকে মুক্তি দিতে হবে। ৮৭ পাতার রায়ে আদালত স্পষ্ট করে জানায়, ‘আইন-শৃঙ্খলা’ ও ‘জনশৃঙ্খলা’-র মধ্যে পার্থক্য রয়েছে এবং মালিকের বিরুদ্ধে আনা অভিযোগগুলি জনশৃঙ্খলা বিঘ্নিত করার মতো নয়। আদালতের পর্যবেক্ষণ, তাঁর বিরুদ্ধে থাকা অধিকাংশ মামলা সাধারণ আইন-শৃঙ্খলা সংক্রান্ত, যা পিএসএ প্রয়োগের যুক্তি তৈরি করে না।

আইনজীবী ও আম আদমি পার্টির মুখপাত্র আপ্পু সিং স্লাথিয়া জানিয়েছেন, সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মঙ্গলবার সকালে জেল কর্তৃপক্ষ তাঁকে মুক্তি দেয়। জেল থেকে বেরিয়ে মালিক বলেন, “আমি আদালতের কাছে কৃতজ্ঞ। এখন আমি আবার মানুষের সমস্যার কথা তুলে ধরব এবং তাদের জন্য লড়াই চালিয়ে যাব।”

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর তিনি হাইকোর্টে হেবিয়াস কর্পাস পিটিশন দায়ের করে আটকাদেশ চ্যালেঞ্জ করেছিলেন এবং ক্ষতিপূরণও দাবি করেছিলেন। মুক্তির সময় জেলের বাইরে সমর্থকদের ভিড় দেখা যায়। স্লোগান, ঢোলের তালে নাচ এবং ফুল দিয়ে তাঁকে অভ্যর্থনা জানানো হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande