
নয়াদিল্লি, ২৯ এপ্রিল (হি.স.) : বুধবার দিল্লিতে আকস্মিক বৃষ্টি ও খারাপ আবহাওয়ার জেরে বিমান চলাচলে বড়সড় প্রভাব। একাধিক উড়ান দেরিতে ছাড়ছে বা সময়সূচি বদলানো হচ্ছে। এই পরিস্থিতিতে ইন্ডিগো এবং স্পাইসজেট যাত্রীদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে।
বুধবার বিমান সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, যাত্রীরা যেন বিমানবন্দরে রওনা হওয়ার আগে নিজেদের বিমানের স্ট্যাটাস অবশ্যই যাচাই করে নেন এবং অতিরিক্ত সময় হাতে নিয়ে বেরোন।
ইন্ডিগো তাদের বিবৃতিতে জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে দিল্লিতে উড়ানের সময়সূচিতে বিঘ্ন ঘটছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং আবহাওয়া স্বাভাবিক হলে পরিষেবা দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে।
সংস্থাটি আরও জানিয়েছে, শুধুমাত্র দিল্লি নয়, আইজল, লেহ ও আগরতলাতেও প্রতিকূল আবহাওয়ার কারণে বিমান পরিষেবা আংশিকভাবে প্রভাবিত হয়েছে। ফলে যাত্রীদের ভ্রমণের আগে ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে, স্পাইসজেট জানিয়েছে, তাদের হেল্পলাইন পরিষেবা এখন সম্পূর্ণ সক্রিয় এবং ২৪ ঘণ্টা যাত্রীদের সহায়তার জন্য উপলব্ধ। প্রয়োজন হলে যাত্রীরা সরাসরি হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরিস্থিতির উন্নতি হলে শীঘ্রই বিমান চলাচল স্বাভাবিক হতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য