সম্পত্তি দখল মামলায় রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে ফের তলব ইডির
কলকাতা, ৩ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মুখে জমি দখল সংক্রান্ত মামলায় রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারকে আবারও তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার বেলা ১১টা ৩০ মিনিট ন
দেবাশিস কুমার


কলকাতা, ৩ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মুখে জমি দখল সংক্রান্ত মামলায় রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারকে আবারও তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার বেলা ১১টা ৩০ মিনিট নাগাদ তিনি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দেন। এর আগে গত সোমবারও একই মামলায় তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, জমি দখল সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে গত কয়েকদিন ধরেই ইডির তৎপরতা বৃদ্ধি পেয়েছে। গত শনিবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছিল। একটি বেসরকারি সংস্থার বেশ কয়েকটি অফিসেও তল্লাশি চালায় ইডি। তথ্য অনুযায়ী, জমি দখলের অভিযোগে প্রায় ১৬ থেকে ১৭টি এফআইআর দায়ের করা হয়েছে, যার ভিত্তিতে এই তদন্ত প্রক্রিয়া এগিয়ে চলেছে।

গত সোমবার প্রথমবার জিজ্ঞাসাবাদের পর ইডি দফতর থেকে বেরিয়ে দেবাশিস কুমার জানিয়েছিলেন যে, তাঁকে একটি নির্দিষ্ট মামলায় ডাকা হয়েছিল এবং তিনি তদন্তে সহযোগিতা করতে এসেছেন। ভবিষ্যতে ডাকলে তিনি আবারও আসবেন বলে জানিয়েছিলেন। তবে নির্বাচনের ঠিক মুখে কেন্দ্রীয় সংস্থার এই সক্রিয়তা শাসকদলের অন্দরে কিছুটা অস্বস্তি তৈরি করেছে। যদিও দেবাশিস কুমার দাবি করেছেন যে, এই সমন বা জিজ্ঞাসাবাদের প্রভাব নির্বাচনে পড়বে না।

উল্লেখ্য, গত বুধবার সকাল থেকে কলকাতা ও শহরতলির বিভিন্ন এলাকায় পুনরায় তল্লাশি চালায় ইডি। এই অভিযানে দক্ষিণ কলকাতার কসবা এলাকায় ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বাসভবনেও হানা দেওয়া হয়। বালিগঞ্জের একটি ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁর নাম সামনে এসেছে। বিরোধী দলগুলির অভিযোগ, সোনা পাপ্পু দক্ষিণ কলকাতার তৃণমূল নেতৃত্ব তথা রাসবিহারীর প্রার্থী দেবাশিস কুমারের অত্যন্ত ঘনিষ্ঠ। যদিও তৃণমূলের একাংশ এই অভিযোগ অস্বীকার করেছে।

ইডি সূত্রে দাবি করা হয়েছে যে, সোনা পাপ্পুর আবাসন থেকে প্রায় দুই কোটি টাকা নগদ এবং সোনা উদ্ধার করা হয়েছে। এছাড়াও প্রচুর পরিমাণ সম্পত্তির নথি, আগ্নেয়াস্ত্র এবং দামী গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। এই ব্যবসায়ী ও তাঁর কার্যক্রমের সঙ্গে দেবাশিস কুমারের কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande