
কলকাতা, ৩ এপ্রিল (হি.স.): আর জি কর হাসপাতালের লিফটকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার কলকাতার নীলরতন সরকার (এনআরএস) মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। শুক্রবার হাসপাতালের মেডিসিন বিভাগের সিসিইউ-তে ছাদের চাঙড় ভেঙে পড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে হাসপাতালের ইউএনবি বিল্ডিং-এর ষষ্ঠ তলায় অবস্থিত সিসিইউ ওয়ার্ডে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই সিসিইউ-র ছাদে দীর্ঘদিন ধরেই ফাটল ছিল। এদিন আচমকাই ছাদের একটি বড় অংশ ভেঙে পড়ে, যার ফলে মেঝেও ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি সিসিইউ-র পিলার ও দেওয়ালের সংযোগস্থলেও ফাঁক তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার সময় ওই ওয়ার্ডে ১২ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। তবে অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে, চাঙড় সরাসরি কারও গায়ে না পড়ায় বড় কোনও হতাহতের ঘটনা ঘটেনি এবং অল্পের জন্য প্রাণরক্ষা পেয়েছেন সকলেই।
এই ঘটনার পরপরই আতঙ্কিত রোগীদের দ্রুত অন্য বিভাগে স্থানান্তরিত করা হয়। নিরাপত্তার কথা মাথায় রেখে ওই নির্দিষ্ট সিসিইউ ওয়ার্ডটিতে আপাতত রোগী ভর্তি সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। জানানো হয়েছে, গণপূর্ত দফতর (পিডব্লিউডি) মেরামতির কাজ সম্পূর্ণ না করা পর্যন্ত ওই ওয়ার্ডটি পুনরায় চালু করা হবে না। এই ঘটনাকে কেন্দ্র করে সরকারি হাসপাতালের পরিকাঠামো ও রক্ষণাবেক্ষণ নিয়ে রোগী এবং তাঁদের পরিজনদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়