
ঝাড়গ্রাম, ৩ এপ্রিল (হি.স.): ভোট প্রচারের মাঝেই শিক্ষকের ভূমিকায় দেখা গেল বিনপুর বিধানসভার বিজেপি প্রার্থী চিকিৎসক প্রণত টুডুকে। শুক্রবার জামবনি ব্লকের কাপগাড়ী অঞ্চলে বাইক মিছিল করে জনসংযোগের সময় বুড়িশোল গ্রামে এক খুদে পড়ুয়াকে পড়তে দেখে তিনি থেমে যান। এরপর তার পাশে বসে অঙ্ক ও বাংলা শেখাতে শুরু করেন। দিনের শুরুতে তিনি সাংগ্রাম শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন।
অন্যদিকে, ঝাড়গ্রাম বিধানসভার তৃণমূল প্রার্থী মঙ্গল সরেন আলু সংরক্ষণের জন্য হিমঘর তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি নেতাই গণহত্যাকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার দাবি তোলেন। লালগড়ে পুজো দিয়ে নেতাইয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়ে প্রচার চালান তিনি।
বিনপুরে তৃণমূল প্রার্থী বিরবাহা হাঁসদা দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করে শিলদা-বাজারে জনসংযোগ করেন। অন্যদিকে সিপিএম প্রার্থী অর্জুন মাহাত লালগড়ের কাটাপাহাড়ি এলাকায় প্রচার চালান। কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ দে-ও ঝাড়গ্রাম বাজারে মানুষের সঙ্গে কথা বলে প্রচারে জোর দেন।
ভোটের আগে প্রতিশ্রুতি, আবেগ এবং জনসংযোগ—সব মিলিয়ে ঝাড়গ্রামের নির্বাচনী লড়াই ক্রমশ জমে উঠছে।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো