
কলকাতা, ৩ এপ্রিল (হি.স.) : ভারতীয় জনতা পার্টি আগামী দিনে রাজ্যে ক্ষমতায় এসে শিক্ষার নেতিবাচক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ছ’দফা পদক্ষেপ নেবে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন রাজ্য বিজেপি মুখপাত্র অধ্যাপক বিমলশঙ্কর নন্দ।
পদক্ষেপগুলো সম্পর্কে জানাতে গিয়ে বিমলবাবু বলেন— ১) শিক্ষক নিয়োগে সম্পূর্ণ স্বচ্ছ ও মেধাভিত্তিক পদ্ধতি প্রয়োগ করা হবে এবং শুধুমাত্র যোগ্য ও শিক্ষার প্রতি নিবেদিত ব্যক্তিদের নিয়োগ নিশ্চিত করা হবে।
২) স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার উপযুক্ত পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা করা হবে, যেখানে পড়াশোনাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
৩) শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
৪) শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বহিরাগতদের অনধিকার হস্তক্ষেপ বন্ধ করে শিক্ষক, পড়ুয়া ও শিক্ষাবিদদের মতামতের ভিত্তিতে প্রশাসন পরিচালিত হবে।
৫) শিক্ষকদের জন্য সপ্তম পে কমিশন দ্রুত কার্যকর করা হবে এবং বেতন কাঠামো সর্বভারতীয় মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে।
৬) যেসব প্রার্থীর জীবন এই দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য চাকরির পরীক্ষায় ৫ বছরের বয়সের ছাড় দেওয়া হবে।
৭) কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন এবং ইউজিসি মানদণ্ড অনুযায়ী শিক্ষক নিয়োগ নিশ্চিত করা হবে।
বিমলবাবু বলেন, “ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে যে শিক্ষা শুধুমাত্র একটি পেশা নয়, এটি একটি মহান ব্রত। শিক্ষার মর্যাদা ও গুণগত মান পুনরুদ্ধার করতে হলে এই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার সম্পূর্ণ পরিবর্তন জরুরি”।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত