সাব্রুমে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত প্রতিবেশী পলাতক
সাব্রুম (ত্রিপুরা), ৩ এপ্রিল (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম থানাধীন হার্বাতলী এলাকায় জনৈক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শান্তিমোহন ত্রিপুরা, যিনি নির্যাতিতার প্রতিবেশী বলে জানা
গৃহবধূকে ধর্ষণের চেষ্টা


সাব্রুম (ত্রিপুরা), ৩ এপ্রিল (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম থানাধীন হার্বাতলী এলাকায় জনৈক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শান্তিমোহন ত্রিপুরা, যিনি নির্যাতিতার প্রতিবেশী বলে জানা গেছে, বর্তমানে পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে অসুস্থতার কারণে ওই গৃহবধূ বাড়িতে একা বিশ্রাম নিচ্ছিলেন। সেই সুযোগে অভিযুক্ত শান্তিমোহন ত্রিপুরা গোপনে ঘরে প্রবেশ করে এবং তাঁকে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ। আচমকা এই আক্রমণে আতঙ্কিত হলেও গৃহবধূ সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলেন এবং চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন সতর্ক হয়ে উঠলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পর প্রথমে সামাজিক লজ্জা ও ভয়ের কারণে বিষয়টি চেপে রাখা হলেও, পরে পরিবারের সদস্যদের সহায়তায় সাহস সঞ্চয় করে শুক্রবার সাব্রুম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

সাব্রুম থানার জনৈক পুলিশ আধিকারিক জানান, অভিযুক্তকে গ্রেফতারের জন্য তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযানের পাশাপাশি সীমান্তবর্তী এলাকাগুলিতেও নজরদারি বাড়ানো হয়েছে।

এদিকে, ঘটনায় ক্ষোভে ফুঁসছে হার্বাতলী এলাকার বাসিন্দারা। স্থানীয়দের দাবি, অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর না ঘটে।

নির্যাতিতার পরিবারের পক্ষ থেকেও প্রশাসনের কাছে দ্রুত বিচার ও নিরাপত্তার দাবি জানানো হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, যদিও পরিস্থিতি বর্তমানে পুলিশের নজরদারিতে নিয়ন্ত্রণে রয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande