
মালদা, ৩ এপ্রিল (হি. স.):-মালদার মোথাবাড়ি কাণ্ডের তদন্তে শুক্রবার বিকেলে মোথাবাড়িতে পৌঁছল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)-র তদন্তকারী দল। এদিন বিকেলে এনআইএ-র তদন্তকারী অফিসাররা প্রথমে মোথাবাড়ি থানায় পৌঁছান। পরে সেখান থেকে তারা মোথাবাড়ি বিডিও অফিসেও যান বলে প্রশাসন সূত্রে জানা গেছে। ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা শুরু করেছেন তদন্তকারীরা।উল্লেখ্য, গত বুধবার ভোটাধিকার রক্ষার দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে মোথাবাড়ি এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে স্থানীয় ভোটাররা দিনভর পথ অবরোধ করেন। এরপর রাত পর্যন্ত কালিয়াচক-২ নম্বর বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। সেই সময় সাতজন জুডিশিয়াল অফিসারকে আটকে রাখার ঘটনাও ঘটে।পরে গভীর রাতে পুলিশ গিয়ে ওই সাতজন জুডিশিয়াল অফিসারকে উদ্ধার করে নিয়ে যায়। ঘটনাটি গুরুত্ব সহকারে দেখে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তদন্তের নির্দেশ দেয় এবং নির্বাচন কমিশনকে সিবিআই বা এনআইএ দিয়ে তদন্ত করার কথা জানায়। এরপর নির্বাচন কমিশন এনআইএ-র হাতে তদন্তভার তুলে দেয়।তদন্ত শুরু হওয়ায় গোটা এলাকায় আবারও চাঞ্চল্য শুরু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়