রামগড়ে বুনো হাতির তাণ্ডব, পিষে মৃত্যু তিন গ্রামবাসীর
রামগড়, ৩ এপ্রিল (হি.স.): ঝাড়খণ্ডের রামগড় জেলায় বুনো হাতির তাণ্ডবে মৃত্যু হল তিন গ্রামবাসীর। শুক্রবার গোলা ব্লক এলাকায় হাতির পাল হামলা চালালে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আরও কয়েকজন আহত হন। ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন দফতর সূত্রে জানা
রামগড়ে বুনো হাতির তাণ্ডব, পিষে মৃত্যু তিন গ্রামবাসীর


রামগড়, ৩ এপ্রিল (হি.স.): ঝাড়খণ্ডের রামগড় জেলায় বুনো হাতির তাণ্ডবে মৃত্যু হল তিন গ্রামবাসীর। শুক্রবার গোলা ব্লক এলাকায় হাতির পাল হামলা চালালে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আরও কয়েকজন আহত হন। ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, প্রথমে হাতির দল বান্দা গ্রামের একটি ইটভাটায় হানা দেয়। সেখানে কর্মরত শ্রমিকদের উপর আক্রমণ চালালে কুজুর বাসিন্দা ধীরজ ভুঁইয়া এবং পাত্রাতুর তারাতান্ড গ্রামের যুগল ভুঁইয়ার ঘটনাস্থলেই মৃত্যু হয়।

এরপর হাতির পাল মুরপা গ্রামের দিকে এগিয়ে যায়। সেখানে কাঠ কুঁড়াতে যাওয়া ৭৪ বছরের শ্যামদেব সাহুকে পিষে মেরে ফেলে হাতিরা। একই সঙ্গে সুতরি ধোড়ধোড়িয়া এলাকায় এক মহিলার উপর হামলা চালালে তাঁর পা ভেঙে যায়। আহত মহিলাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর মৃতদের পরিবারকে বন দফতরের পক্ষ থেকে তৎক্ষণাৎ ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। বাকি ক্ষতিপূরণ হিসেবে ৩ লক্ষ ৭৫ হাজার টাকা ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর দেওয়া হবে বলে জানানো হয়েছে। আহতদের চিকিৎসার খরচও বন দফতর বহন করছে।

এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ইটভাটায় বিক্ষোভ দেখিয়ে বন দফতর ও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা এবং উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান। পরে ইটভাটা কর্তৃপক্ষের পক্ষ থেকে অতিরিক্ত ৪০ হাজার টাকা করে দেওয়ার আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

ঘটনার পর এলাকায় তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বন দফতর হাতির দলের উপর নজরদারি চালাচ্ছে এবং গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। পাশাপাশি জঙ্গল সংলগ্ন এলাকায় একা না যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande