
নদীয়া, ৩ এপ্রিল (হি. স.):-নদীয়া জেলার চাকদা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শুভঙ্কর সিং শুক্রবার চাকদাহ পৌরসভার ১৯, ১৮ ও ১৭ নম্বর ওয়ার্ডে প্রচার কর্মসূচি সম্পন্ন করেন। এদিন প্রার্থীর সমর্থনে একটি পদযাত্রার আয়োজন করা হয়, যেখানে ঢাক ও আদিবাসী নৃত্যের মাধ্যমে প্রচারে উৎসবের আবহ তৈরি হয়। প্রচারে বহু সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।প্রখর রোদ ও তীব্র গরম উপেক্ষা করেই বহু মানুষ পদযাত্রায় অংশ নেন এবং প্রার্থীর সঙ্গে পা মেলান। প্রচারের মাঝে প্রার্থীসহ কর্মী-সমর্থকদের ডাবের জল পান করে তৃষ্ণা নিবারণ করতে দেখা যায়। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যার কথাও শোনেন প্রার্থী।এদিন প্রচার কর্মসূচির ফাঁকেই বিভিন্ন রাজনৈতিক দল থেকে বেশ কয়েকজন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তারা প্রার্থী শুভঙ্কর সিংয়ের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করেন।পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভঙ্কর সিং জানান, মানুষের ব্যাপক সমর্থন পাচ্ছেন এবং উন্নয়নের স্বার্থে মানুষ তৃণমূল কংগ্রেসের পাশেই থাকবে বলে তিনি আশাবাদী।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়