
কলকাতা, ৩ এপ্রিল (হি.স.): কলকাতা পুলিশের দুই ডেপুটি কমিশনারকে শো কজ় করল লালবাজার। বুধবার ভবানীপুরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে যে অশান্তি হয়েছে, তার প্রেক্ষিতেই দুই আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে।
সূত্রের খবর, কলকাতা পুলিশের ডিসি ২ (দক্ষিণ) সিদ্ধার্থ দত্ত এবং ডিসি ২ (রিজার্ভ ফোর্স) মানস রায়কে শো কজ় করা হয়েছে। তাঁরা বুধবার ওই এলাকায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন। কী ভাবে ওই পরিস্থিতি তৈরি হল, কেন জমায়েত করতে দেওয়া হল, কারণ দর্শাতে হবে এই দুই আধিকারিককে।
বুধবার ভবানীপুরের বিজেপি প্রার্থী হিসাবে শুভেন্দুবাবু মনোনয়ন জমা দেন সার্ভে বিল্ডিংয়ে। তার জন্য হাজরা মোড় থেকে রোড শো করেছিলেন তিনি। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁদের এই মিছিল কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দিয়ে যায়। এই সময়েই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ, মুখ্যমন্ত্র্রীর পাড়ায় তৃণমূলের কর্মী-সমর্থকেরা মাথায় কালো কাপড় বেঁধে বিক্ষোভ দেখাচ্ছিলেন। বিজেপি কর্মীদের সঙ্গে তাঁরা বচসা, তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। কিছু ক্ষণের মধ্যে দু’পক্ষের ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি সামলাতে হিমশিম খায় পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত