
কলকাতা, ৩ এপ্রিল (হি.স.): রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু এখনও মেনে নিতে পারছেন না কেউ। তালসারিতে শুটিংয়ের মাঝে ঠিক কী ঘটেছিল? উঠে আসছে নানা ধরনের তথ্য। প্রশ্ন উঠেছে প্রযোজনা সংস্থার নিরাপত্তা নিয়ে। এ বার অভিনেতার স্মরণে পদযাত্রার আয়োজন করা হয়েছে।
টলিপাড়ার বিশিষ্ট অভিনেতারা ‘ইম্পা’, ‘ফেডারেশন’, ‘পশ্চিমবঙ্গ আর্টিস্ট ফোরাম’ এবং ‘টেলিভিশন প্রযোজক’-দের এই পদযাত্রায় শামিল হওয়ার আবেদন জানিয়েছেন।
সেই সমর্থনে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস জানিয়েছেন তিনি উপস্থিত থাকবেন। ‘জাস্টিস ফর রাহুল’ এই পদযাত্রার আয়োজক হিসাবে নাম রয়েছে ইন্দ্রদীপ দাশগুপ্ত, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, রানা সরকার, সৌরভ দাস, সৌরভ পালোধি, রূপাঞ্জনা মিত্র, পিয়া সেনগুপ্ত, স্বরূপ বিশ্বাস, অপর্ণা সেন, অঞ্জন দত্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে অঙ্কুশ হাজরা, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, কাঞ্চন মল্লিক প্রমুখের।
সমাজমাধ্যমে পদযাত্রার বিষয়টি ভাগ করে স্বরূপবাবু লিখেছেন, “প্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুতে আমরা শোকস্তব্ধ এবং শিহরিত। এই ঘটনা আবার আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির শিল্পী এবং কলাকুশলীদের সুরক্ষাব্যবস্থাকে এক বিশাল প্রশ্নচিহ্নের মুখোমুখি এনে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা চাই এই ঘটনার নেপথ্যের আসল সত্যি সকলের সামনে আসুক। তাই আগামিকালের (শনিবার, ৪ এপ্রিল) প্রতিবাদে আমি অবশ্যই থাকব।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত