মৃতদেহ উদ্ধারে খুনের অভিযোগ, সিবিআই তদন্তের দাবিতে বটতলায় পথ অবরোধ
ঝাড়গ্রাম, ৩ এপ্রিল (হি.স.): এক ব্যক্তির দেহ উদ্ধারের পর পরিকল্পিত খুনের অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবিতে পথে নামলেন মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। শুক্রবার ঝাড়গ্রাম শহরের বটতলা চকে প্রায় ৪০ মিনিট ধরে পথ অবরোধ চলে, যার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়
মৃতদেহ উদ্ধারে খুনের অভিযোগ, সিবিআই তদন্তের দাবিতে বটতলায় পথ অবরোধ


ঝাড়গ্রাম, ৩ এপ্রিল (হি.স.): এক ব্যক্তির দেহ উদ্ধারের পর পরিকল্পিত খুনের অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবিতে পথে নামলেন মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। শুক্রবার ঝাড়গ্রাম শহরের বটতলা চকে প্রায় ৪০ মিনিট ধরে পথ অবরোধ চলে, যার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জানা গেছে, বৃহস্পতিবার পুরাতন ঝাড়গ্রামের শ্মশানকালী সংলগ্ন ফাঁকা জায়গা থেকে নৃপেনপল্লির বাসিন্দা নেপাল শ্যামল (৫০)-এর দেহ উদ্ধার হয়। দেহে একাধিক পোড়া ক্ষতের চিহ্ন থাকায় পরিবার ও স্থানীয়দের দাবি, এটি পরিকল্পিত খুন।

এই ঘটনার প্রতিবাদে এদিন বটতলা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। তাঁদের অভিযোগ, পুলিশি তদন্তে তাঁরা সন্তুষ্ট নন এবং প্রকৃত দোষীদের আড়াল করা হচ্ছে। সিবিআই তদন্ত ও দ্রুত গ্রেফতারের দাবি তোলেন তাঁরা।

অবরোধের ফলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। ঝাড়গ্রাম থানার আইসি কৌশিক সাউয়ের হস্তক্ষেপে এবং নিরপেক্ষ তদন্তের আশ্বাসে অবশেষে অবরোধ উঠে যায়।

পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় আপাতত শান্তি ফিরলেও চাপা উত্তেজনা রয়ে গেছে।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande