
জয়পুর, ৩ এপ্রিল (হি.স.): পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজস্থানের আবহাওয়ায় বড় পরিবর্তন এসেছে। শুক্রবার সকালে জয়সলমের, নাগৌর, দিদওয়ানা-কুচামান এবং জালোর-সহ একাধিক জেলায় বৃষ্টি ও শিলাবৃষ্টির দেখা মিলেছে। কোথাও হালকা, কোথাও আবার প্রবল বৃষ্টিতে আবহাওয়ায় আমূল বদল এসেছে।
জয়সালমের জেলার পিথোদাই গ্রামে প্রায় ১৫ মিনিট ধরে শিলাবৃষ্টি হয়। দিদওয়ানা জেলায় ভোর থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়। ঝড়ো হাওয়া ও বৃষ্টির ফলে তাপমাত্রা কমে গিয়ে গরম থেকে সাময়িক স্বস্তি মিলেছে। জালোরেও হালকা বৃষ্টিতে আবহাওয়া মনোরম হয়ে ওঠে।
তবে এই আবহাওয়ার পরিবর্তনে ক্ষতির আশঙ্কাও দেখা দিয়েছে। শ্রীগঙ্গানগর, হনুমানগড় ও বিকানের-সহ বিভিন্ন জেলায় শিলাবৃষ্টি ও বৃষ্টিতে গমের প্রস্তুত ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঠে দাঁড়ানো ফসল নষ্ট হওয়ায় উদ্বেগ বেড়েছে কৃষকদের মধ্যে।
আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে সক্রিয় ঘূর্ণাবর্তের প্রভাব আরও বাড়তে পারে। একাধিক জেলায় ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে, অন্যত্র হলুদ সতর্কতা রয়েছে। ৬ এপ্রিল থেকে নতুন একটি আবহাওয়া ঘূর্ণাবর্ত সক্রিয় হবে, যার ফলে ৭ ও ৮ এপ্রিল বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে ১০ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলবে বলে পূর্বাভাস। তাপমাত্রাও ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকার সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে এই আবহাওয়ার পরিবর্তন সাধারণ মানুষের জন্য স্বস্তি আনলেও কৃষকদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য