
বাঁকুড়া, ৩ এপ্রিল (হি.স.): জেলার শিল্পাঞ্চল হিসেবে পরিচিত বড়জোড়া বিধানসভা কেন্দ্রে ভোটের আগে জোরদার হচ্ছে রাজনৈতিক লড়াই। তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসন দখলে মরিয়া বিজেপি। দলের প্রার্থী বিলেশ্বর সিনহা ইতিমধ্যেই কর্মীদের সঙ্গে নিয়ে এলাকায় ঘরে ঘরে প্রচার শুরু করেছেন। তাঁর দাবি, মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা স্পষ্ট এবং তাঁরা স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানাচ্ছেন।
একসময় বামেদের দুর্গ হিসেবে পরিচিত বড়জোড়ায় ২০১১ সালে প্রথম পরিবর্তন আসে, যখন তৃণমূল প্রার্থী আশুতোষ মুখার্জি জয়ী হন। ২০১৬ সালে বামফ্রন্ট আবার আসনটি ফিরে পায়। তবে ২০২১ সালে ফের তৃণমূল প্রার্থী অলোক মুখার্জি জয়ী হন। সেই নির্বাচনে বিজেপির ভোট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে প্রায় ৩৩ শতাংশে পৌঁছায়।
বর্তমান পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসও কোনও ঝুঁকি নিতে চাইছে না। এবার তারা প্রার্থী করেছে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী গৌতম মিশ্রকে। একদিকে বিজেপির ভোটবৃদ্ধি, অন্যদিকে শাসকদলের বিরুদ্ধে কিছুটা অসন্তোষ—সব মিলিয়ে বড়জোড়ায় লড়াই যে হাড্ডাহাড্ডি হতে চলেছে, তা বলাই যায়।
যদিও বিজেপির সংগঠনকে এখনও পুরোপুরি শক্তিশালী বলা যাচ্ছে না, তবুও কর্মীদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা দেখা যাচ্ছে। তাদের দাবি, এবারের নির্বাচনে পরিবর্তনের হাওয়া বইবে। অন্যদিকে, শাসকদলও নিজেদের ঘাঁটি ধরে রাখতে মরিয়া। ফলে ভোটের আগে বড়জোড়ার রাজনৈতিক সমীকরণ ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট