যীশুখ্রীষ্টের আত্মত্যাগ স্মরণে ত্রিপুরায়ও গুড ফ্রাইডে পালিত
আগরতলা, ৩ এপ্রিল (হি.স.) : ত্রিপুরায়ও শুক্রবার গভীর শ্রদ্ধা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গুড ফ্রাইডে পালন করা হয়েছে। এদিন প্রভু যীশুখ্রীষ্টের ক্রুশবিদ্ধ হওয়া ও তাঁর আত্মত্যাগের স্মরণে রাজ্যের বিভিন্ন প্রান্তে গির্জাগুলিতে বিশেষ প্রার্থনা স
গুড ফ্রাইডে পালিত


আগরতলা, ৩ এপ্রিল (হি.স.) : ত্রিপুরায়ও শুক্রবার গভীর শ্রদ্ধা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গুড ফ্রাইডে পালন করা হয়েছে। এদিন প্রভু যীশুখ্রীষ্টের ক্রুশবিদ্ধ হওয়া ও তাঁর আত্মত্যাগের স্মরণে রাজ্যের বিভিন্ন প্রান্তে গির্জাগুলিতে বিশেষ প্রার্থনা সভা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানী আগরতলাসহ অন্যান্য এলাকায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

রাজধানী আগরতলায় কৃষ্ণনগরস্থিত আগরতলা সিটি পাবলিক চার্চে এদিন সকাল থেকেই শুরু হয় বিশেষ প্রার্থনা সভা। চার্চ প্রাঙ্গণে আবালবৃদ্ধবণিতার সমাগমে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়। ৮ থেকে ৮০—সব বয়সের মানুষ এই প্রার্থনা সভায় অংশগ্রহণ করেন। যীশুখ্রীষ্টের মহান আত্মত্যাগ ও মানবজাতির মুক্তির বার্তা স্মরণ করে ভক্তরা প্রার্থনায় শামিল হন এবং বিশ্ববাসীর শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করেন।

চার্চের জনৈক কর্মকর্তা জানান, মানবজাতিকে পাপ থেকে মুক্তি দিতে ভগবান যীশু পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তাঁর ক্রুশবিদ্ধ হওয়া এবং আত্মবলিদান মানবজাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত। গুড ফ্রাইডে খ্রিস্টানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও পবিত্র দিন, যা আত্মত্যাগ, ক্ষমা ও ভালোবাসার বার্তা বহন করে।

এছাড়াও আগরতলায় অন্যান্য গির্জাগুলিতেও একইভাবে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমার গির্জাগুলি থেকেও গুড ফ্রাইডে উপলক্ষ্যে প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনের খবর পাওয়া গেছে।

রাজ্যজুড়ে শান্তিপূর্ণ পরিবেশে গুড ফ্রাইডে পালিত হওয়ায় প্রশাসনের পক্ষ থেকেও সন্তোষ প্রকাশ করা হয়েছে। ধর্মীয় এই পবিত্র দিনে সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা আরও দৃঢ় হয়েছে বলে মনে করছেন বিশিষ্টজনেরা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande