শান্তিপূর্ণ ভোট মিটতেই ভাঙড়ে চাঞ্চল্য, উদ্ধার লঙ্কা গাছে চাপা দেওয়া ৭টি তাজা বোমা
ভাঙড়, ৩০ এপ্রিল ( হি. স.) : বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভাঙড়ে বড় কোনো অশান্তির খবর পাওয়া না গেলেও, ভোট মিটতেই এলাকা থেকে বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে উত্তর কাশীপুর থানার ভোগালী ১ এলাকা থেকে মোট ৭টি তাজা
শান্তিপূর্ণ ভোট মিটতেই ভাঙড়ে চাঞ্চল্য, উদ্ধার লঙ্কা গাছে চাপা দেওয়া ৭টি তাজা বোমা


ভাঙড়, ৩০ এপ্রিল ( হি. স.) : বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভাঙড়ে বড় কোনো অশান্তির খবর পাওয়া না গেলেও, ভোট মিটতেই এলাকা থেকে বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে উত্তর কাশীপুর থানার ভোগালী ১ এলাকা থেকে মোট ৭টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ফাঁকা মাঠের মধ্যে লঙ্কা গাছ দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছিল বোমাগুলি। কে বা কারা কী উদ্দেশ্যে এই বোমা মজুত করেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

এবারের নির্বাচনে ভাঙড়ে চেনা অশান্তির ছবি কার্যত উধাও ছিল। সাম্প্রতিক অতীতের তুলনায় ২৬-এর ভোট সেখানে মোটের ওপর শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্বাচন কমিশন আগে থেকেই কড়া পদক্ষেপ গ্রহণ করেছিল। বিশেষত, বোমা উদ্ধার ও বোমা তৈরির মতো মামলাগুলির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল এনআইএ-কে । বর্তমানে এনআইএ-র একটি প্রতিনিধি দল ভাঙড়ের দুটি মামলার তদন্তে সেখানেই অবস্থান করছে। এমনকি ভোটের দিনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদস্যদের রাস্তায় টহল দিতে দেখা গেছে। অশান্তি এড়াতে কমিশনের এই সক্রিয় ভূমিকা ভাঙড়কে শান্ত রাখতে সাহায্য করেছে বলে মনে করা হচ্ছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, তবে তদন্ত প্রক্রিয়া জারি রেখেছে কেন্দ্রীয় এজেন্সি।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande