দ্বিতীয় দফার ভোটের পর ৭৭টি বুথে পুনর্নির্বাচনের দাবি, স্ক্রুটিনির দায়িত্বে বিশেষ পর্যবেক্ষক
কলকাতা, ৩০ এপ্রিল (হি. স.) : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষ হতেই একাধিক বুথে পুনর্নির্বাচনের দাবি উঠেছে। মোট চারটি বিধানসভা কেন্দ্রের ৭৭টি বুথে নতুন করে ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জমা পড়েছে। তবে এই বিষয়ে চ
নির্বাচন


কলকাতা, ৩০ এপ্রিল (হি. স.) : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষ হতেই একাধিক বুথে পুনর্নির্বাচনের দাবি উঠেছে। মোট চারটি বিধানসভা কেন্দ্রের ৭৭টি বুথে নতুন করে ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জমা পড়েছে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে স্ক্রুটিনি বা নথিপত্র পরীক্ষার পর।

এই স্ক্রুটিনির দায়িত্ব দেওয়া হয়েছে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ফোনে তাঁকে এই নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। নির্দেশ পাওয়ামাত্রই তিনি সংশ্লিষ্ট এলাকায় পৌঁছে গিয়েছেন।

যে চারটি বিধানসভা কেন্দ্র থেকে পুনর্নির্বাচনের দাবি উঠেছে, তার সবকটিই দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত। এর মধ্যে তিনটি কেন্দ্র— ফলতা, ডায়মন্ড হারবার ও বজবজ— ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অধীনে পড়ে। উল্লেখ্য, এই লোকসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্য কেন্দ্রটি হলো মগরাহাট পূর্ব, যা জয়নগর লোকসভা এলাকার অন্তর্গত।

মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর সূত্রে জানা গেছে, পুনর্নির্বাচনের দাবিকৃত ৭৭টি বুথের মধ্যে ফলতা বিধানসভার ৩২টি, ডায়মন্ড হারবারের ২৯টি, বজবজের ৩টি এবং মগরাহাট পূর্বের ১৩টি বুথ রয়েছে। নির্বাচন কমিশন সংশ্লিষ্ট প্রার্থীদের আবেদনের ভিত্তিতে ইতিমধ্যেই স্ক্রুটিনি প্রক্রিয়া শুরু করেছে। বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত বর্তমানে ফলতা, মগরাহাট ও সোনারপুর এলাকায় সরেজমিনে তদন্ত চালাচ্ছেন। তাঁর রিপোর্টের ওপর ভিত্তি করেই কমিশন পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande