
কলকাতা, ৩০ এপ্রিল ( হি. স.) : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তার মাধ্যমে জয়ের বিষয়ে বড়সড় দাবি করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস এ বার ২২৬টিরও বেশি আসনে জয়লাভ করবে। জনগণের সমর্থন পুরোপুরি তাঁর দলের পক্ষেই রয়েছে বলে তিনি আশাপ্রকাশ করেন।
ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষকে ধন্যবাদ জানিয়ে বলেন যে, প্রবল গরম ও প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে মানুষ যেভাবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন, তা প্রশংসনীয়। পাশাপাশি তিনি দলের কর্মীদের পরিশ্রমকেও সাধুবাদ জানান। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, যারা বাংলাকে দমন করার চেষ্টা করছিল, এ দেশের সাধারণ মানুষ ভোটের মাধ্যমে তাদের যোগ্য জবাব দিয়ে দিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি