দক্ষিণ ও উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট, কালবৈশাখীর সতর্কতা জারি
কলকাতা, ৩০ এপ্রিল (হি. স.):- দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ জুড়ে আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, বৃহস্পতিবার নদিয়া ও উত্তর-দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাব
হাবিবুর রহমান বিশ্বাস


কলকাতা, ৩০ এপ্রিল (হি. স.):- দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ জুড়ে আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, বৃহস্পতিবার নদিয়া ও উত্তর-দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ কালবৈশাখীর সতর্কতা জারি হয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি-সহ একাধিক জেলায়। কলকাতা-সহ অন্যান্য এলাকাতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার ও শনিবার ঝড়-বৃষ্টির প্রভাব কিছুটা কমলেও রবিবার থেকে তা আবার বাড়বে। রবিবার ও সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ফের কালবৈশাখীর প্রভাব বাড়তে পারে।অন্যদিকে উত্তরবঙ্গেও পরিস্থিতি বেশ উদ্বেগজনক। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ২০০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শনি ও রবিবারেও এই জেলাগুলিতে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে।সোমবার থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande