গণনার আগে কলকাতা হাইকোর্টে জোড়া মামলা, কমিশনের সিদ্ধান্তের মুখে চ্যালেঞ্জ
কলকাতা, ৩০ এপ্রিল (হি. স.) : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দুই দফার ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন নজর আগামী ৪ মে-র ফল ঘোষণার দিকে। কিন্তু সোমবারের সেই ভোট গণনার ঠিক আগেই নির্বাচন কমিশনের একাধিক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হলো দ
কলকাতা হাইকোর্ট


কলকাতা, ৩০ এপ্রিল (হি. স.) : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দুই দফার ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন নজর আগামী ৪ মে-র ফল ঘোষণার দিকে। কিন্তু সোমবারের সেই ভোট গণনার ঠিক আগেই নির্বাচন কমিশনের একাধিক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হলো দুটি পৃথক জনস্বার্থ মামলা। তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য এই মামলাগুলি দায়ের করেছেন।

প্রথম মামলাটি করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর আপত্তির জায়গা হলো, নির্বাচন কমিশন গণনা কেন্দ্রে সুপারভাইজার হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যুক্তি, কমিশন এককভাবে এমন সিদ্ধান্ত নিতে পারে না এবং এই বিষয়ে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন।

দ্বিতীয় মামলাটি দায়ের করেছেন আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন আকস্মিকভাবে বেশ কিছু গণনা কেন্দ্রের স্থান পরিবর্তন করছে, যা নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে। এই সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ বা আদালতের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।

উল্লেখ্য, এ বছর ২৯৪টি আসনের জন্য মাত্র ৭৭টি কেন্দ্রে ভোট গণনা হওয়ার কথা। গত বিধানসভা নির্বাচনে এই সংখ্যা ছিল ১০৮টি। গণনা কেন্দ্রের সংখ্যা কমানো নিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই কমিশনের কাছে তাদের আপত্তির কথা জানিয়েছিল। গত ২৩ এপ্রিল প্রথম দফা এবং ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট মিটে যাওয়ার পর এখন ইভিএম-এ প্রার্থীদের ভাগ্য বন্দি। এই পরিস্থিতিতে হাইকোর্টের এই মামলা গণনার প্রক্রিয়ায় কোনও প্রভাব ফেলে কি না, এখন সেটাই দেখার।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande