
দুর্গাপুর, ৩০ এপ্রিল (হি.স.):
গণনার আগেই দুর্গাপুরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে কাউন্টিং অফিসার নিয়োগকে কেন্দ্র করে। বিজেপির অভিযোগ, নিযুক্ত এক কাউন্টিং অফিসার শাসকদল তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ, ফলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে।
অভিযোগ, দুর্গাপুর নগরনিগমের কর্মী বাবলু বিশি কাউন্টিং অফিসারের দায়িত্ব পেয়েছেন। বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘড়ুইয়ের দাবি, ওই ব্যক্তি তৃণমূলের সক্রিয় সমর্থক এবং দলীয় কর্মসূচিতেও তাঁকে দেখা গিয়েছে। এমনকি তৃণমূল প্রার্থী কবি দত্তের সমর্থনে সামাজিক মাধ্যমে পোস্ট করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।
বিজেপির আশঙ্কা, এই পরিস্থিতিতে ভোট গণনার স্বচ্ছতা ব্যাহত হতে পারে। বিষয়টি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে ইমেল করে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবিলম্বে দায়িত্ব থেকে সরানোর দাবি জানিয়েছেন লক্ষ্মণ ঘড়ুই। তাঁর দাবি, “নিরপেক্ষতা বজায় রাখতে হলে এই নিয়োগ পুনর্বিবেচনা করা জরুরি।”
অন্যদিকে, তৃণমূল কংগ্রেস অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। দলের জেলা সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, “কেউ সমর্থক হতে পারেন, কিন্তু তার ভিত্তিতে এমন অভিযোগ করা ঠিক নয়।”
এই অভিযোগ পাওয়ার পর দুর্গাপুর পশ্চিমের রিটার্নিং অফিসার বিষয়টি নগরনিগম কমিশনারের কাছে পাঠিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। ঘটনার জেরে ভোট-পরবর্তী আবহে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা