
বারাসাত, ৩০ এপ্রিল (হি. স.):- উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার অন্তর্গত বারাসাত লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা এলাকার ভোটগণনা অনুষ্ঠিত হবে দুটি নির্দিষ্ট কেন্দ্রে। প্রশাসন সূত্রে জানা গেছে, বারাসাত গভর্নমেন্ট কলেজ এবং বারাসাত প্যারীচরণ সরকার গভর্নমেন্ট হাই স্কুলে গণনার সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে।বুধবার গভীর রাত পর্যন্ত বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে আনা ইভিএম মেশিনগুলি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সংশ্লিষ্ট স্ট্রংরুমে সংরক্ষণ করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের নজরদারিতে এই স্ট্রংরুমগুলি সম্পূর্ণ সুরক্ষিত রাখা হয়েছে।বারাসাত গভর্নমেন্ট কলেজে বারাসাত, আমডাঙা, অশোকনগর, হাবরা এবং দেগঙ্গা বিধানসভার ভোটগণনা হবে। অন্যদিকে বারাসাত প্যারীচরণ সরকার গভর্নমেন্ট হাই স্কুলে রাজারহাট নিউটাউন ও মধ্যমগ্রাম বিধানসভার ভোট গণনা অনুষ্ঠিত হবে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে গণনার সমস্ত ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা, সিসিটিভি নজরদারি এবং অনুমোদিত ব্যক্তিদের প্রবেশ নিশ্চিত করা হয়েছে।শান্তিপূর্ণ পরিবেশে গণনা সম্পন্ন করতে প্রশাসন সর্বতোভাবে প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়