স্ট্রংরুমের কাছে তৃণমূলের পাহারা কেন্দ্র ঘিরে বিতর্ক, ‘৪ মে-র পর পাচন’ মন্তব্যে জল্পনা
দুর্গাপুর, ৩০ এপ্রিল (হি.স.): স্ট্রংরুমের নিরাপত্তা ঘিরে দুর্গাপুরে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ, সরকারি মহাবিদ্যালয়ে থাকা ইভিএম সংরক্ষণ কেন্দ্রের প্রায় ২০০ মিটার দূরে তৃণমূল কংগ্রেস কর্মীরা একটি ‘পাহারা কেন্দ্র’ তৈরি করে দিনরাত অবস্থ
স্ট্রংরুমের কাছে তৃণমূলের পাহারা কেন্দ্র ঘিরে বিতর্ক, ‘৪ মে-র পর পাচন’ মন্তব্যে জল্পনা


দুর্গাপুর, ৩০ এপ্রিল (হি.স.):

স্ট্রংরুমের নিরাপত্তা ঘিরে দুর্গাপুরে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ, সরকারি মহাবিদ্যালয়ে থাকা ইভিএম সংরক্ষণ কেন্দ্রের প্রায় ২০০ মিটার দূরে তৃণমূল কংগ্রেস কর্মীরা একটি ‘পাহারা কেন্দ্র’ তৈরি করে দিনরাত অবস্থান করছেন।

বৃহস্পতিবার সেখানে কর্মী-সমর্থকদের গুড়-বাতাসা খেতে ও খাওয়াতে দেখা যায়। তৃণমূল কর্মীদের একাংশের বক্তব্য, প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখতে এই আয়োজন। একইসঙ্গে তাঁদের মধ্যে কেউ কেউ মন্তব্য করেন, “পাচন তৈরি আছে, তবে ৪ মে-র পর দেওয়া হবে।” ফল ঘোষণার আগে এমন মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০০ জন কর্মী ওই এলাকায় পালা করে অবস্থান করছেন। ভোট-পরবর্তী পরিস্থিতিতে অশান্তি এড়াতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ টহল দিচ্ছে। এখনও পর্যন্ত বড় কোনও অশান্তির খবর নেই বলেই প্রশাসনিক সূত্রে দাবি।

এদিকে, বিজেপি বিধায়ক তথা প্রার্থী লক্ষণ ঘড়ুই অভিযোগ করেন, এটি বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা এবং নির্বাচন-পরবর্তী পরিস্থিতি অশান্ত করার ইঙ্গিত। তিনি বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনার কথা বলেন।

অন্যদিকে, দুর্গাপুর ২ নম্বর ব্লকের যুব সভাপতি অজয় দেবনাথ বলেন, “গরমে শরীর ঠান্ডা রাখতেই গুড়-বাতাসা খাওয়া হচ্ছে। এর সঙ্গে অন্য কোনও উদ্দেশ্য নেই।”

পুরো ঘটনাকে ঘিরে ভোট-পরবর্তী আবহে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ছে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande