
আগরতলা, ৩০ এপ্রিল (হি.স.) : রাজধানী আগরতলার আমতলি থানাধীন মধ্য চারিপাড়ার শচীন্দ্র লাল এলাকায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে লক্ষ্য করে দুষ্কৃতী হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঘটে যাওয়া এই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে রাজেশ মিয়া নামে স্কুল ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন রাজেশ মিয়া বাজার থেকে বাড়ি ফিরে বাড়ির সামনের মাঠে খেলতে যাওয়ার সময় আচমকাই এলাকারই যুবক উসমান মিয়া তার উপর চড়াও হয়। অভিযোগ, কোনও কিছু না বলেই উসমান মিয়া ধারালো অস্ত্র দিয়ে রাজেশের মাথায় আঘাত করে। আকস্মিক এই হামলায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে রাজেশ।
ঘটনার পরপরই আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় রাজেশ মিয়াকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে, ঘটনার পর অভিযুক্ত উসমান মিয়া এলাকা থেকে পালিয়ে যায়। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
আহত ছাত্রের মায়ের অভিযোগ, দুদিন আগে উসমান মিয়ার পরিবারের সঙ্গে তাঁদের সামান্য ঝগড়াঝাঁটি হয়েছিল। সেই ঘটনার জের ধরেই এই হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে মধ্য চারিপাড়ার শচীন্দ্র লাল এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। খবর পেয়ে আমতলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তকে গ্রেফতারের জন্য তল্লাশি চালানো হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ