
উদয়নারায়ণপুর, ৩০ এপ্রিল (হি. স.) : ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়ে এক বৃদ্ধ ভোটারের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে হাওড়ার উদয়নারায়ণপুরে। মৃত পূর্ণচন্দ্র দোলুইয়ের পরিবারের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের ধাক্কায় পড়ে গিয়েই তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনায় বৃহস্পতিবার নিহতের ছেলে তরণী দোলুই পেঁড়ো থানায় সংশ্লিষ্ট জওয়ানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্তে নেমে হাওড়ার জেলাশাসকের কাছে ওই বুথের সিসিটিভি ফুটেজ তলব করেছে পুলিশ।
গত বুধবার দ্বিতীয় দফার ভোটের দিন উদয়নারায়ণপুরের কুরিট এলাকার বাসিন্দা পূর্ণচন্দ্র দোলুই বলরামপুর প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোট দিতে যান। শারীরিকভাবে অসুস্থ পূর্ণচন্দ্রের সঙ্গে তাঁর ছেলে তরণীও বুথে গিয়েছিলেন। তরণীর অভিযোগ, বাবার অসুস্থতার কারণে তিনি সঙ্গে থাকতে চাইলেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে অনুমতি দেয়নি। পূর্ণচন্দ্র একাই বুথে ঢোকেন। ফেরার সময় এক জওয়ান তাঁকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান। দ্রুত তাঁকে উদ্ধার করে আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
নিহতের ছেলে তরণী দোলুই ক্ষোভ উগরে দিয়ে বলেন, “বাবা অসুস্থ জেনেও কেন আমাকে সাথে যেতে দেওয়া হলো না? জওয়ান ধাক্কা দেওয়ার পর কেউ সাহায্য করতেও এগিয়ে আসেনি। আমি ওই জওয়ানের উপযুক্ত শাস্তি চাই।” বৃহস্পতিবার উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে পূর্ণচন্দ্রের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনার কড়া নিন্দা জানানো হয়েছে। বুধবারই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে এক্স হ্যান্ডেলে সরব হন। ময়নাতদন্তের রিপোর্ট এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পরেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি