
ঘাটাল, ৩০ এপ্রিল (হি. স.) :পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা পৌর এলাকায় বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও এক শ্রমিক গুরুতর জখম হয়েছেন। মৃতদের নাম সাহাবুদ্দিন মণ্ডল (৫৫) ও লিটন মণ্ডল (৩৭)। তাঁরা দুজনেই স্থানীয় মাধবপুর এলাকার বাসিন্দা ছিলেন। ঘটনায় আহত কাজলের মালিককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দ্রকোণা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাধবপুর এলাকায় সাহাবুদ্দিন, লিটন ও কাজল নামে তিন শ্রমিক একটি গাছ কাটার কাজ করছিলেন। সেই সময় হঠাৎ প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। কাজ করার সময় আচমকা বজ্রপাতে তিনজনেইগুরুতরভাবে ঝলসে যান।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা সাহাবুদ্দিন ও লিটনকে মৃত বলে ঘোষণা করেন। আহত কাজলের বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসা চলছে।
এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি