
উত্তর দিনাজপুর, ৩০ এপ্রিল (হি.স) : উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার সাহাপুর এলাকায় এক ব্যক্তির গলা কাটা দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম শ্রীপতি বণিক (৬৫)। তিনি হাট ডুবকল এলাকার বাসিন্দা ছিলেন। বৃহস্পতিবার সকালে একটি ভুট্টা খেত থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, শ্রীপতি বণিক বুধবার রাতে নিজের বাড়িতেই ছিলেন। কিন্তু বৃহস্পতিবার সকালে গ্রামবাসীরা তাঁর বাড়ির কাছেই একটি ভুট্টা খেতে তাঁর রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখেন। ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাঁকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে স্থানীয়দের প্রাথমিক অনুমান।
ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় মানুষের ভিড় জমে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালপোখর থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। কে বা কারা এই খুনের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখতে স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনার তদন্ত জারি রয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি