
কলকাতা, ৭ এপ্রিল (হি.স.): বিজেপির রিমোট কন্ট্রোলের পাল্টা তৃণমূলের রিপোর্ট কার্ড। বিজেপির বিরুদ্ধে তোপ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ২০২৬-এর লড়াই আসলে দুই ‘আর সি’-র লড়াই। একদিকে রয়েছে বিজেপির ‘আর সি’— তাদের ‘রিমোট কন্ট্রোল’, যার মাধ্যমে বাংলার প্রাপ্য অর্থ আটকে দেওয়া হয়, এস আই আর -এর মতো প্রক্রিয়ার মাধ্যমে বৈধ ভোটারদের ভোটাধিকার খর্ব করার চেষ্টা চলে, অশান্তি ও সাম্প্রদায়িক বিভাজনের বীজ বোনা হয়। কেন্দ্রীয় সংস্থা, কেন্দ্রীয় বাহিনী এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে অপব্যবহার করা হয়। বাঙালিদের রোহিঙ্গা ও বাংলাদেশি তকমা দেওয়া হয় কিন্তু যখন বাংলার স্বার্থ ও মর্যাদা রক্ষার প্রশ্ন ওঠে তখন কাজ করে না ‘রিমোট কন্ট্রোল’।’
অভিষেক বলেন, অন্যদিকে রয়েছে তৃণমূল কংগ্রেসের ‘আর সি’— আমাদের ‘রিপোর্ট কার্ড’। কেন্দ্রের কোনও সাহায্য ছাড়াই উন্নয়নের গৌরবোজ্জ্বল ১৫ বছর। সম্পন্ন হওয়া কাজ, প্রতিশ্রুতি রক্ষা, বাস্তবায়িত স্বপ্ন এবং আমূল বদলে যাওয়া জীবনের এক সচিত্র প্রতিবেদন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ