অসমকে ‘অনুপ্রবেশকারীদের দখলে’ যেতে দেবে না বিজেপি, পাথারকান্দিতে কংগ্রেসের ওপর হামলা করে বলেছেন শাহ
‘অসম, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় সমন্বিত শাসনব্যবস্থা গড়ে উঠলে অনুপ্রবেশ সম্পূর্ণরূপে রোধ করা সম্ভব’ ‘করিমগঞ্জ’-এর নাম বদলে ‘শ্রীভূমি’ রাখার দৃঢ়তা দেখাতে পারে বিজেপিই পাথারকান্দি (অসম), ৭ এপ্রিল (হি.স.) : ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কখনোই অসমকে
শ্রীভূমির পাথারকান্দিতে নির্বাচনী সমাবেশে অমিত শাহ


নির্বাচনী সমাবেশে জনতার উদ্দেশে


‘অসম, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় সমন্বিত শাসনব্যবস্থা গড়ে উঠলে অনুপ্রবেশ সম্পূর্ণরূপে রোধ করা সম্ভব’

‘করিমগঞ্জ’-এর নাম বদলে ‘শ্রীভূমি’ রাখার দৃঢ়তা দেখাতে পারে বিজেপিই

পাথারকান্দি (অসম), ৭ এপ্রিল (হি.স.) : ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কখনোই অসমকে অনুপ্রবেশকারী-প্রভাবিত অঞ্চল হতে দেবে না। উন্নয়নের জোয়ার অব্যা হত রাখতে এবং অনুপ্রবেশকারীদের প্রতিহত করতে ফের বিজেপিকে ভোটদানের আহ্বান জানিয়েছেন দলের শীর্ষ নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আজ সরব প্রচারের শেষ দিন দক্ষিণ অসমের বরাক উপত্যকার তিন জেলা যথাক্রমে শ্রীভূমির পাথারকান্দি, হাইলাকান্দি এবং কাছাড় জেলা সদর শিলচরে তিনটি ‘বিজয় সংকল্প সভা’ শীর্ষক বিশাল নির্বাচনী জনসভায় ভাষণ দিয়েছেন বিজেপির শীর্ষ নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শ্রীভূমির পাথারকান্দি সমষ্টির অধীন বাজারিছড়ার লালমাটিতে জনসমুদ্রে পরিণত আজকের প্ৰথম নির্বাচনী সমাবেশে বক্তব্য শুরু করেন বরাক উপত্যকার বীর সেনানীদের শ্রদ্ধা জানিয়ে।

এর পর কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিশানা করে শাহ বলেন, বিজেপি রাজ্যের জনবিন্যাস ও সাংস্কৃতিক পরিচয় রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বিরোধীদের বিরুদ্ধে ভোটব্যাংক রাজনীতির অভিযোগ করে বলেন, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অমিত শাহ জানান, প্রশাসন ইতিমধ্যেই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করেছে। আগামীদিনে বিজেপি সরকার এ বিষয়ে দৃঢ় পদক্ষেপ নেবে। তিনি আরও বলেন, অসম, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় সমন্বিত শাসনব্যবস্থা গড়ে উঠলে অনুপ্রবেশ সম্পূর্ণরূপে রোধ করা সম্ভব হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত মজবুত করতে এবং অসম থেকে দেখে দেখে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিতাড়ন কর্মসূচি চালু রাখতে আপনারা ফের একবার বিজেপির সঙ্গ দিন। বরাক উপত্যকা দীর্ঘদিনের বিজেপির শক্ত ঘাঁটি। এখানকার সিংহভাগ আসনে এবারও পদ্মফুল ফোটার অপেক্ষায়।

দলের সাংস্কৃতিক অ্যাজেন্ডা তুলে ধরে দলের শীর্ষ নেতা শাহ বলেন, কেবল বিজেপিরই ‘কারিমগঞ্জ’-এর নাম পরিবর্তন করে ‘শ্রীভূমি’ রাখার দৃঢ়তা রয়েছে। এ সময় তিনি রাহুল গান্ধীর আঞ্চলিক অনুভূতি বোঝার ক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন। বিরোধী কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, যাঁদের নাড়ির টান ইতালির সাথে যুক্ত, তাঁরা শ্রীভূমি আর করিমগঞ্জের তফাৎটা কীভাবে উপলব্ধি করবেন? অমিত শাহ বলেন, পাথারকান্দি নামের অন্তর্নিহিত অর্থ হচ্ছে অটুট ইচ্ছে শক্তির দৃঢ় বন্ধন।

শাহ আরও বলেন, বিজেপি সরকার কাছাড় জেলার খাসপুর ডিমাসা কছাড়ি ঐতিহ্যকে ধরে রাখতে শতবিঘা জমি নিয়ে পর্যটন কেন্দ্র গড়ে তুলে সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে। সুধাকণ্ঠ ভূপেন হাজরিকাকে মোদীজি ভারত রত্ন সম্মান প্রদান করেছেন। কিন্তু এতে কংগ্রেস বিরোধিতা করেছে।

কেন্দ্রের বিভিন্ন প্রকল্প ও উদ্যোগের প্রশংসা করে অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অসমীয়া ও বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। তিনি নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর পক্ষে বলেন, কংগ্রেস রাজনৈতিক স্বার্থে এর বিরোধিতা করছে।

পূর্ববর্তী আইনগুলির প্রসঙ্গ টেনে শাহ অভিযোগ করেন, কংগ্রেস অবৈধ অনুপ্রবেশ মোকাবিলার ব্যবস্থাকে দুর্বল করেছে এবং এমন নীতিমালা এনেছে যা অনুপ্রবেশকারীদেরই সুবিধা দিয়েছে।

অমিত শাহ এদিন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকেও একহাত নিয়ে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুনের সাম্প্রতিক এক মন্তব্যের সমালোচনা করে সেগুলিকে অগণতান্ত্রিক ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে অভিহিত করেন তিনি। শাহ বলেন, মল্লিকার্জুন খাড়গে আরএসএস এবং বিজেপিকে সাপ বলেছেন। রাহুল গান্ধী যখন থেকে কংগ্রেসের নেতা হয়েছেন, তখন থেকেই কংগ্রেস নেতাদের প্রকাশ্য বক্তব্যের মান নেমে গেছে। আসলে রাহুল গান্ধী যখন থেকে কংগ্রেসের নেতা হয়েছেন, তখন থেকেই কংগ্রেস নেতাদের প্রকাশ্য বক্তব্যের মান নেমে গেছে।

কংগ্রেস সভাপতি বলেছেন, গুজরাট এবং যেসব রাজ্য বিজেপিকে সমর্থন করে, সেই সব রাজ্য নাকি অশিক্ষিত। যে গুজরাট দয়ানন্দ সরস্বতী, মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল এবং নরেন্দ্র মোদীর মতো নেতাদের দিয়েছে, সেই গুজরাটকে অশিক্ষিত বলার জন্য জনগণ কংগ্রেসকে উচিত জবাব দেবেন, আশা ব্যক্ত করেছেন অমিত শাহ।

তিনি অভিযোগ করে বলেন, রাহুলের নেতৃত্বাধীন কংগ্রেসের জন্য আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা ঝুঁকি হয়ে উঠেছে। তাই আগামী ৯ এপ্রিল দুহাতে বিজেপিকে ভোট দিতে হবে, যাতে নির্বাচনের পর আর রাহুলবাবাকে দূরবিন দিয়েও খুঁজে পাওয়া না যায়। তিনি বলেন, কংগ্রেস কখনও ভারতের উন্নতি চায়নি। সেই জওহরলাল নেহরুজি থেকে আজ পর্যন্ত তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের এক ইঞ্চি ভূমিও কেউ নিতে পারেনি, আর পারবেও না। মোদী অসমে শান্তি ও প্রগতির জন্য নিরলস কাজ করে চলছেন। ফলে অসমে এখন কোটি কোটি টাকার বিনিয়োগ হচ্ছে।

তিনি বলেন, আগামী পাঁচ বছরে চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা অবধি বাড়ানো হবে। চা বাগানে একটি কলি দুটি পাতা ও আদর্শ বিদ্যালয় স্থাপন সহ শ্রমিকদের ভূমি পাট্টা প্রদানের বিষয়ে বলেন তিনি। পাশাপাশি অসমের বৃহত্তম জলাভূমি শনবিলের উন্নয়নে সরকারের নেওয়া উদ্যোগ, শ্রীভূমিতে মেডিক্যাল কলেজ সহ সিভিল হাসপাতালে চাইল্ড কেয়ার ইউনিট গঠনের বিষয়ে বলেন। এছাড়া শিলচরে অসম সচিবালয় এবং বরাক উপত্যকায় এইমস-এর নতুন সেন্টার স্থাপন হবে বলে আজকের নির্বাচনী সমাবেশে অমিত শাহ ঘোষণা করেছেন।

লালমাটিতে আয়োজিত ‘বিজয় সংকল্প সভা’ শীর্ষক বিশাল নির্বাচনী সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় তামতা, পাথারকান্দি আসনে বিজেপি-প্রার্থী কৃষ্ণেন্দু পাল, শ্রীভূমি জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক, সুনীল শৰ্মা, লক্ষ্মণসিং রাণা, হৈমন্তী বাসফর, শান্তিলাল সিনহা, অনিলকুমার ত্রিপাঠী, হৃষিকেশ নন্দি, সম্পা চৌধুরী প্ৰমুখ।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande