
লখনউ, ৭ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশ মন্ত্রিসভা রাজ্যের শিক্ষামিত্র ও প্রশিক্ষকদের সাম্মানিক বৃদ্ধির পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে। মুখ্যমন্ত্রী যোগী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মোট ২২টি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে বেসিক শিক্ষা বিভাগের অধীনে কর্মরত শিক্ষামিত্র ও অস্থায়ী প্রশিক্ষকদের সাম্মানিক উল্লেখযোগ্য হারে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বাড়তি সাম্মানিক চলতি এপ্রিল মাস থেকেই কার্যকর হবে। ফলে রাজ্যের লক্ষাধিক কর্মী সরাসরি উপকৃত হবেন।
এছাড়াও, দেশভাগের সময় বাস্তুচ্যুত হয়ে উত্তর প্রদেশের বিভিন্ন জেলায় বসবাসকারী ১২ হাজারের বেশি পরিবারকে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে। এই সুবিধা মূলত পিলিভিট, লখিমপুর খেরি, রামপুর ও বিজনৌর জেলার পরিবারগুলির ক্ষেত্রে প্রযোজ্য হবে।
ক্যাবিনেট বৈঠকের পর রাজ্যের অর্থ ও সংসদীয় বিষয়ক মন্ত্রী সুরেশ খান্না জানান, শিক্ষাক্ষেত্রে আরও এক বড় সিদ্ধান্ত হিসেবে ২৫ লক্ষ স্মার্ট ট্যাবলেট কেনার প্রস্তাবও অনুমোদিত হয়েছে। এগুলি রাজ্যের পড়ুয়াদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে, বিশেষ করে উচ্চশ্রেণির ছাত্রছাত্রীদের মধ্যে।
শিল্পোন্নয়ন ক্ষেত্রেও একাধিক বিনিয়োগমূলক প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। বুন্দেলখণ্ডে সোলার প্ল্যান্ট, প্রয়াগরাজে জল প্রকল্প-সহ মোট আটটি শিল্পসংক্রান্ত প্রস্তাব পাশ হয়েছে।
অন্যদিকে, পরিবহণ ক্ষেত্রে পিপিপি মডেলে ৪৯টি নতুন বাস টার্মিনাস তৈরির পরিকল্পনায় সিলমোহর দিয়েছে সরকার। আধুনিক সুবিধাসম্পন্ন এই বাস টার্মিনাসগুলি বিমানবন্দরের আদলে তৈরি করা হবে বলে জানানো হয়েছে।
রাজ্য সরকারের দাবি, এই সিদ্ধান্তগুলি একদিকে যেমন কর্মসংস্থান ও পরিকাঠামো উন্নয়নে সহায়ক হবে, অন্যদিকে শিক্ষা ও সামাজিক সুরক্ষার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য