অসমে উস্কানিমূলক মন্তব্য, মল্লিকার্জুনের বিরুদ্ধে বশিষ্ঠ থানায় বিজেপি নেতার এফআইআর
গুয়াহাটি, ৭ এপ্রিল (হি.স.) : অসমের শ্রীভূমি জেলার অন্তর্গত দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা নির্বাচন কেন্দ্রের অধীন নিলামবাজারে এক নির্বাচনী জনসভায় সাম্প্রদায়িক উস্কানিমূলক ও অবমাননাকর মন্তব্য করার দায়ে সৰ্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বিরুদ্
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (ফাইল ফটো)


গুয়াহাটি, ৭ এপ্রিল (হি.স.) : অসমের শ্রীভূমি জেলার অন্তর্গত দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা নির্বাচন কেন্দ্রের অধীন নিলামবাজারে এক নির্বাচনী জনসভায় সাম্প্রদায়িক উস্কানিমূলক ও অবমাননাকর মন্তব্য করার দায়ে সৰ্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধে গুয়াহাটির বশিষ্ঠ থানায় এফআইআর দায়ের করেছেন অসম প্রদেশ বিজেপির মুখপাত্র রঞ্জীবকুমার শর্মা।

মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগপত্রে বিজেপি নেতা রঞ্জীব শর্মা লিখেছেন, শ্রীভূমি জেলায় এক রাজনৈতিক ভাষণে উস্কানিমূলক ও অবমাননাকর মন্তব্য করেছেন সৰ্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর মতাদর্শকে ‘বিষাক্ত’ বলে উল্লেখ করে তাদের ‘বিষাক্ত সাপ’-এর সঙ্গে তুলনা করেছেন। অভিযোগে আরও বলা হয়েছে, খাড়গে তাঁর ভাষণে ‘বিষাক্ত সাপ বিজেপি’-কে নির্মূল করার আহ্বান জানিয়েছেন।

এফআইআর-এ দাবি করা হয়েছে, এ ধরনের বক্তব্য অবমাননাকর এবং তা বিজেপি কার্যকর্তাদের অনুভূতিতে আঘাত করেছে। এছাড়াও অভিযোগ করা হয়েছে, কংগ্রেস নেতা খাড়গে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করেছেন। এর ফলে রাজ্যে জনশান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে।

অভিযোগকারী পুলিশ প্রশাসনের কাছে মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। এফআইআর-এ রঞ্জীবকুমার লিখেছেন, এই মন্তব্যগুলি অসমের সংবেদনশীল সামাজিক-রাজনৈতিক পরিবেশে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande