
কলকাতা, ৮ এপ্রিল (হি. স.) : দ্রুত নগরায়ণ এবং পরিবেশগত পরিবর্তনের প্রভাবে বাঙালির সাংস্কৃতিক পরিচয় যখন সংকটের মুখে, ঠিক সেই সময়েই ঐতিহ্য সংরক্ষণের ডাক দিল ‘হ্যালো হেরিটেজ’। দৃশ্যমান স্থাপত্য থেকে শুরু করে অদৃশ্য লোকসংস্কৃতি—সব ধরনের ঐতিহ্যকে আগলে রাখতে বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের এক ছাতার তলায় এনে ‘হেরিটেজ কনক্লেভ ২০২৬’-এর সূচনা করল এই সংস্থা।
বুধবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই কনক্লেভের থিম ও লোগো উন্মোচন করা হয়। অনুষ্ঠানের নেতৃত্বে থাকা রেশমি চট্টোপাধ্যায় জানান, ঐতিহ্য কেবল পুরোনো ইমারত বা স্থাপত্যের মধ্যে সীমাবদ্ধ নয়; তা আসলে আমাদের সমাজের মূল্যবোধ ও যৌথ স্মৃতির ধারক। তাঁর মতে, নগরায়ণ, দূষণ এবং চরম অবহেলার কারণে আমাদের সমৃদ্ধ উত্তরাধিকার আজ বিপন্ন। তাই এখনই সচেতন পদক্ষেপ নেওয়া প্রয়োজন। রেশমি দেবীর কথায়, “সংরক্ষণ মানে শুধু কোনো বস্তুকে রক্ষা করা নয়, বরং সেই জীবন্ত ঐতিহ্যকে আগামীর জন্য টিকিয়ে রাখা।”
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৩ ও ১৪ মে কলকাতার আইসিসিআর-এ মূল সম্মেলনটি অনুষ্ঠিত হবে। সেখানে স্থপতি, ইতিহাসবিদ, গবেষক এবং শিক্ষার্থীরা অংশ নেবেন। এই কনক্লেভের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ঐতিহ্য সংরক্ষণে এক নতুন পথ প্রশস্ত হবে বলে আশাবাদী আয়োজক সংস্থা।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত