
জলপাইগুড়ি, ৮ এপ্রিল (হি. স.): ডুয়ার্সের চা শ্রমিকদের লক্ষ্য করে জনসভা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। বুধবার নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পুনা ভেংরার সমর্থনে আদিবাসী চর্চা কেন্দ্রে এই সভার আয়োজন করা হয়। সভায় ডুয়ার্সের বিভিন্ন চা বাগানের বহু শ্রমিক উপস্থিত ছিলেন।নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পরে সভাস্থলে পৌঁছে প্রায় কুড়ি মিনিট বক্তব্য রাখেন তিনি। বক্তব্যের শুরুতেই নিজেকে “আপনাদের ভাই ও বন্ধু” বলে পরিচয় দেন। তিনি দাবি করেন, রাজ্যে ‘ডবল ইঞ্জিন’ সরকার গড়লে চা শ্রমিকদের উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে এবং শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার উন্নতি ঘটবে।কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরার পাশাপাশি তিনি তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর বিরুদ্ধে চা শ্রমিকদের জন্য প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ তোলেন। তাঁর দাবি, লক্ষাধিক আবাস নির্মাণের কথা বলা হলেও বাস্তবে খুব কম সংখ্যক শ্রমিক উপকৃত হয়েছেন।এছাড়া বাংলাদেশি অনুপ্রবেশ, দুর্নীতি ও আইনশৃঙ্খলা নিয়েও সরব হন তিনি। সভায় উপস্থিত ছিলেন সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়, শ্যামল রায়, বাপী গোস্বামীসহ একাধিক বিজেপি নেতা।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়