
কলকাতা, ৮ এপ্রিল (হি. স.) :
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিনে তিনটি গুরুত্বপূর্ণ জেলা—পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে জনসভা করবেন তিনি। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে রাজ্য বিজেপির প্রস্তুতি এখন তুঙ্গে।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় হলদিয়া টাউনশিপের মাখনবাবুর বাজার সংলগ্ন হেলিপ্যাড ময়দানে প্রথম জনসভাটি করবেন প্রধানমন্ত্রী। হলদিয়ার এই সভাকে কেন্দ্র করে এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এরপর দুপুর বারোটা নাগাদ আসানসোলের পোলো গ্রাউন্ডে তাঁর দ্বিতীয় জনসভাটি অনুষ্ঠিত হবে। আসানসোলে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে।
তৃতীয় ও শেষ দফায় দুপুর দুটো নাগাদ বীরভূম জেলার সিউড়িতে জেলা পুলিশ লাইন সংলগ্ন চাঁদমারি ময়দানে বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদী। জেলা বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, এই জনসভাগুলিতে সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রগুলোর দলের প্রার্থীরা উপস্থিত থাকবেন। মঞ্চেই প্রার্থীদের সঙ্গে পরিচয় পর্বের একটি বিশেষ কর্মসূচি রাখা হয়েছে।
উল্লেখ্য, এর আগে প্রথম দফার প্রচারে উত্তরবঙ্গের কোচবিহারে এসে জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী। দ্বিতীয় দফার এই ঝটিকা সফরে দক্ষিণবঙ্গের তিনটি গুরুত্বপূর্ণ শিল্প ও কৃষিপ্রধান এলাকায় তাঁর এই ভাষণ রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত