
লখিমপুর খেরি, ৭ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের লখিমপুর খেরি জেলার ভিরা এলাকায় মঙ্গলবার একটি মাঠ থেকে ২৫টি শকুন মৃত এবং আরও ৫টিকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় বন দফতরে তীব্র তৎপরতা শুরু হয়েছে।
খবর পেয়ে বন দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির খোঁজখবর নেন। সঙ্গে ছিলেন পশু চিকিৎসক ডা. হেমন্ত কুমার সিং-সহ একটি দল। অচেতন শকুনগুলির দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়।
প্রাথমিকভাবে অনুমান, কোনও বিষাক্ত পদার্থ খাওয়ার ফলেই এই ঘটনা ঘটতে পারে। তবে প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। মৃত শকুনগুলির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে।
এই ঘটনাকে ঘিরে এলাকায় বন্যপ্রাণ সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের মধ্যেও উদ্বেগ ছড়িয়েছে।
ভিরা রেঞ্জের রেঞ্জার সতীশ চন্দ্র বর্মা জানান, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য