
কলকাতা, ৯ এপ্রিল (হি. স.) : উত্তরবঙ্গে আসন্ন নির্বাচনকে অবাধ, স্বচ্ছ এবং উৎসবমুখর করে তুলতে জেলাস্তরে এক অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কোচবিহার জেলা নির্বাচন আধিকারিকের নেতৃত্বে ১০০ শতাংশ ভোটদান সুনিশ্চিত করতে নেওয়া হয়েছে নিবিড় ও সুসংহত পরিকল্পনা। ভোটের পর্ব, পশ্চিমবঙ্গের গর্ব — এই মূল মন্ত্রকে সামনে রেখে কোচবিহার রাজবাড়িতেও বিশেষ প্রচার কর্মসূচি পালিত হচ্ছে, যার স্থানীয় স্লোগান দেওয়া হয়েছে ভোটের পর্ব, কোচবিহারের গর্ব।
এই প্রচার অভিযানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ‘ইলেকটোরাল লিটারেসি ক্লাব’ (ইএলসি)। বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের নিয়ে গঠিত এই ক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে সাধারণ ভোটারদের সচেতন করার কাজে নেমেছেন। তাঁদের মূল লক্ষ্য হলো, মানুষকে ভোটদানে উৎসাহিত করার পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে সাহায্য করা।
জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পূর্ববর্তী নির্বাচনগুলোর ভোটদানের হারকে ছাপিয়ে যাওয়াই এই বিশেষ উদ্যোগের প্রধান উদ্দেশ্য। নতুন প্রজন্মের ভোটারদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কোচবিহার জেলা একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাইছে। ডিজিটাল প্রচারের পাশাপাশি রাজবাড়ির মতো ঐতিহ্যবাহী স্থানকে প্রচারের কেন্দ্রবিন্দু করায় স্থানীয় জনমানসেও এর ইতিবাচক প্রভাব পড়ছে।।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত