
শালিমার, ৯ এপ্রিল (হি. স.):- শালিমার রেলস্টেশনে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ এক নেপালি নাগরিককে গ্রেফতার করল জিআরপি। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল পাটনা–শালিমার দূরন্ত এক্সপ্রেসে করে আসা এক ব্যক্তিকে সন্দেহজনক আচরণের কারণে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁর পরিচয় নেপালের বাসিন্দা ইন্দ্র বাহাদুর কাটোয়াল বলে জানা যায়।তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে প্রায় ২৩ লক্ষ ৬৩ হাজার ৮০০ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া টাকার মধ্যে ইউরো, মার্কিন ডলার এবং নেপালি মুদ্রা ছিল। এত বিপুল পরিমাণ অর্থের কোনও বৈধ নথি বা অনুমোদন তিনি দেখাতে পারেননি বলে জানিয়েছে পুলিশ।অভিযুক্ত দাবি করেন, তিনি এই অর্থ দিয়ে ইলেকট্রনিক সামগ্রী কেনার উদ্দেশ্যে ভারতে এসেছিলেন। তবে তাঁর বক্তব্যে অসঙ্গতি থাকায় এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাঁকে গ্রেফতার করা হয়। জিআরপি সূত্রে খবর, বৃহস্পতিবার ধৃতকে হাওড়া জেলা আদালতে তোলা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।অন্যদিকে, এই ঘটনার বিষয়ে খড়গপুর ডিভিশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পক্ষ থেকে এখনও কোনও স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়