
আরামবাগ, ৯ এপ্রিল (হি.স.) :পুড়শুড়া বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন তন্ময় ঘোষ। বৃহস্পতিবার আরামবাগ মহকুমা শাসকের দফতরে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে কয়েকজন সমর্থক উপস্থিত ছিলেন। তবে তিনি কোনও রাজনৈতিক দলের বিক্ষুব্ধ প্রার্থী হিসেবে লড়ছেন কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি। ফলে তাঁর প্রার্থীতা ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুড়শুড়া কেন্দ্রে এবারের নির্বাচনে একাধিক দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে। এই পরিস্থিতিতে তন্ময় ঘোষের নির্দল প্রার্থী হিসেবে লড়াই নির্বাচনী সমীকরণে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে আগ্রহ বাড়ছে।
মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তন্ময় ঘোষ জানান, এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের স্বার্থে কাজ করার লক্ষ্য নিয়েই তিনি এই নির্বাচনে লড়াই করছেন। জনগণের সমর্থন পাবেন বলেও তিনি আশাবাদী।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA