
ধারচুলা, ১ মে (হি.স.): উত্তরাখণ্ডের সীমান্তবর্তী পিথোরাগড় জেলার ধারচুলা থেকে শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হল ‘আদি কৈলাস যাত্রা ২০২৬’। যাত্রার সূচনাকে ঘিরে ভক্ত ও পর্যটকদের মধ্যে দেখা গিয়েছে প্রবল উৎসাহ। প্রশাসনের পক্ষ থেকে নিরাপদ ও সুশৃঙ্খল যাত্রার জন্য ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে।
শুক্রবার ধারচুলার উপ-জেলাশাসক আশীষ জোশী তিনটি গাড়িকে সবুজ পতাকা দেখিয়ে প্রথম যাত্রীদলকে রওনা করান। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যাত্রাপথে নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা, আবাসন এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হয়েছে।
এবারের যাত্রার জন্য মোট ৫০০টি আবেদন জমা পড়েছে, যার মধ্যে ৩৫০ জনকে ইনর লাইন পারমিট দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, যাত্রা নিয়ে মানুষের উৎসাহ যথেষ্ট এবং সমস্ত প্রস্তুতিও সম্পন্ন।
প্রশাসন যাত্রীদের উদ্দেশে আবেদন জানিয়েছে, যাত্রার আগে আবহাওয়ার আপডেট জেনে নেওয়া অত্যন্ত জরুরি। উচ্চ হিমালয় অঞ্চলের কথা মাথায় রেখে ছোট গাড়ি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রশাসনের দাবি, বর্তমানে যাত্রাপথ সম্পূর্ণ চালু রয়েছে এবং রাস্তা খোলা হয়েছে। পথের রক্ষণাবেক্ষণ ও চলাচল স্বাভাবিক রাখতে সীমা সড়ক সংস্থা-কে সক্রিয় রাখা হয়েছে।
যাত্রীদের নিরাপত্তার জন্য বিভিন্ন জায়গায় প্রশাসনিক আধিকারিক ও নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। পাশাপাশি যাত্রার আগে আইএলপি পারমিট, স্বাস্থ্যবিধি ও আবহাওয়া সংক্রান্ত নির্দেশিকা মেনে চলারও নির্দেশ দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য