
দুর্গাপুর, ১ মে (হি.স.): দুর্গাপুরের জেমুড়া এলাকায় চাষের জমির পাশে একটি টিনের চাল থেকে ঝুলে থাকা অবস্থায় দেহ উদ্ধার হলো এক কিশোরের। জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল সে। মৃতের পরিবার অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ তুলেছে। কিশোরকে খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে কি না, উঠছে সেই প্রশ্ন। ওই কিশোর জেমুয়া এলাকার বাসিন্দা। বুধবার এক কিশোরীর সঙ্গে তাকে দেখা গিয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মৃত্যুর পিছনে প্রেমঘটিত কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের পরিবারের এক সদস্য জানিয়েছেন, বুধবার একটি মেয়ের সঙ্গে পানাগড়ের দিকে যাচ্ছিল ওই কিশোর। তখন পুলিশ আটকেছিল। পরে ছেড়েও দেয়। সেদিন রাতে বন্ধুর কাছে ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় বাথরুম যাওয়ার কথা বলে বেরিয়ে যায়। তারপর থেকে খোঁজ পাওয়া যায়নি তার। শুক্রবার সকালে তার দেহ উদ্ধার হয়। ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ