
ঝাড়গ্রাম, ১ মে (হি.স.) : ভোট গণনাকে সামনে রেখে ঝাড়গ্রাম শহরের রানী ইন্দিরাদেবী গভর্নমেন্ট গার্লস কলেজে তৈরি কাউন্টিং সেন্টার পরিদর্শনে শুক্রবার পৌঁছন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল। গণনার আগে নিরাপত্তা ও সামগ্রিক প্রস্তুতি খতিয়ে দেখতেই তাঁর এই পরিদর্শন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় ঝড়-বৃষ্টির সময় কাউন্টিং সেন্টার চত্বরে অগ্নিকাণ্ডের একটি ঘটনা ঘটে। তবে প্রশাসনের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং বড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। ঘটনার পর থেকেই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়।
এই প্রেক্ষাপটে শুক্রবার মুখ্য নির্বাচন আধিকারিক নিজে কাউন্টিং সেন্টারে এসে সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখেন। কেন্দ্রের নিরাপত্তা, প্রবেশ ও প্রস্থান পথের নিয়ন্ত্রণ, সিসিটিভি নজরদারি, বিদ্যুৎ ব্যবস্থা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং গণনার দিন প্রয়োজনীয় পরিকাঠামো নিয়ে তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের জেলাশাসক, পুলিশ সুপার, নির্বাচন পর্যবেক্ষক-সহ প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিক। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন, তবে কাউকে মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে কোনও অভিযোগ জানাতে দেখা যায়নি।
প্রশাসন সূত্রে খবর, ভোট গণনার দিন যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে প্রক্রিয়া সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। মুখ্য নির্বাচন আধিকারিকের এই পরিদর্শনের পর প্রশাসনিক তৎপরতা আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো